ওয়েব ডেস্ক:
জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের নিশানায় এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোয়েন্দা সূত্রে খবর, মোদীর উপর হামলা চালাতে আলাদা একটি বাহিনীও গড়ে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে পাক জঙ্গি সংগঠনটি। জানা গিয়েছে, জইশ-ই-মহম্মদের এই লক্ষ্যে হাত মিলিয়েছে আইএসআই।
দেশের একটি সংবাদ সংস্থায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জইশের টার্গেট কেবল মোদীই নয়, তাদের তালিকায় রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। একটি বিদেশি গোয়েন্দা সংস্থা সূত্রে জানানো হয়েছে, মোদী, অমিত শাহ, দোভালের উপর হামলার ছক কষতে সম্প্রতি জইশ তাদের অন্যতম নেতা শামসের ওয়ানির নেতৃত্বে একটি গোপন বৈঠক করে। সেই মতো সেপ্টেম্বরেই হামলা চালাতে পারে জইশ।
এদিকে ভারতের গোয়েন্দারা মনে করছেন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারে এই তিন জনের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এছাড়াও পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার বিমান হানায় গুঁড়িয়ে যায় জইশ-ই-মহম্মদের একাধিক প্রশিক্ষণ শিবির। যে পরিকল্পনার পেছনেও ছিলেন মোদী, শাহ ও দোভাল। উরির সার্জিক্যাল স্ট্রাইকও দোভালের নেতৃত্বেই হয়েছিল। তাই বদলা নিতে এই তিনজনের উপর হামলার ছক কষেছে জইশ।
উল্লেখ্য, ইতিমধ্যে দেশের ৩০টি শহরে নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ জম্মু, পাঠানকোট, অমৃতসর, গাঁধীনগর, জয়পুর, কানপুরের মতো একাধিক শহরে জারি হয়েছে হাই অ্যালার্ট। গোয়েন্দাদের আরও অনুমান, চলতি মাসেই ভারতের যে কোনও বায়ুসেনার ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালাতে পারে জইশ জঙ্গিরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news