নিজস্ব প্রতিনিধি।
আবারও বিতর্ক বাড়ালেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। এবার আগামী বিধানসভা ভোট শান্তিপূর্ণ ভাবে করাবেন তিনি। মঙ্গলবার রাজ্যপালের এমন মন্তব্য প্রকাশ্যে আসার পর ফুঁসতে শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। জগদীপ ধনখড় বলেন, ‘‘ভোটের সময়ে হিংসার তালিকায় এই রাজ্যের নাম উঠে গিয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তার পুনরাবৃত্তি হবে না। আপনাদের আমি কথা দিচ্ছি, রাজ্যপাল হিসাবে যে সাংবিধানিক দায়িত্ব আমার আছে, তা প্রয়োগ করব। ২০২১ সালের নির্বাচনে সবাই যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ভোট দিতে পারেন, তা সুনিশ্চিত করব।’’
রাজ্যের শাসকদল একাধিকবার অভিযোগ করেছে, পশ্চিমবঙ্গে সমান্তরাল প্রশাসন চালাতে চাইছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। জবাবে এদিন তৃণমূলের (TMC) এক মুখপাত্র বলেন ‘‘রাজ্যপাল বোধহয় ভুলে যাচ্ছেন, নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন আছে। সেটা রাজ্যপালের কাজ নয়। তা ছাড়া, ভোটে নির্বাচিত একটি সরকার যখন ক্ষমতায় থাকে, তখন রাজ্যপালের ভূমিকা নগণ্য। তিনি রাজ্যের নির্বাচন পরিচালনা করতে চান বললে বুঝতে হবে, এটা কোনও গভীর চক্রান্তের ইঙ্গিত।’’ ওই মুখপাত্র আরও বলেন, ‘‘রাজ্যপালের চেয়ারে বসে ধনখড় ক্রমাগত যে ভূমিকা পালন করে চলেছেন, সেটা মাঠে নেমে রাজনীতি করার থেকে আলাদা কিছু নয়। এক জন রাজ্যপালের কাছে এই আচরণ প্রত্যাশিত নয়।’’
পশ্চিমবঙ্গের শাসকদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘‘বাংলার মানুষ জগদীপ ধনখড়কে যত দিন দেখছেন, তার থেকে বহু গুণ বেশি জানেন ও চেনেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই নির্বাচন নিয়ে রাজভবনের যদি কোনও গোপন ছক থেকে থাকে, রাজ্যের মানুষই তা বানচাল করে দেবেন।’’ মাস খানেক আগে রাজ্যপাল জগদীপ ধনখড় বলেছিলেন, “রাজ্য বারুদের স্তুপ হয়ে আছে। এমতাবস্থায় কীভাবে শান্তিপূর্ণ ভোট হবে তার নিয়ে তিনি সন্দিহান। এমন বক্তব্যের পর তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। তাতেও দমে যাননি রাজ্যপাল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news