Breaking News
Home / TRENDING / জগন্নাথের স্নানযাত্রা ও হস্তিসজ্জার অলৌকিক কাহিনী

জগন্নাথের স্নানযাত্রা ও হস্তিসজ্জার অলৌকিক কাহিনী

পার্থসারথি পাণ্ডা  :  

আজ স্নান করবেন জগন্নাথ। সেই স্নানে শামিল হবেন সুভদ্রা আর বলরামও। পুরীর মন্দির প্রাঙ্গণ এখন সেজে উঠেছে বিশাল মণ্ডপে ম্যারাপে। মণ্ডপসজ্জায় আছে লতাপাতা উপবন। এই মণ্ডপেই আজ স্নানযাত্রার লীলাময় আনন্দের স্বাদ নেবেন জগন্নাথদেব, বলদেব আর দেবী সুভদ্রা। স্নানের জল আসবে সোনায় বাঁধানো কুয়ো থেকে। স্নানের পর অঙ্গরাগ হবে। তখন হস্তিসজ্জায় সাজিয়ে দেওয়া হবে জগন্নাথকে। সুভদ্রাকে সাজানো হবে পদ্ম দিয়ে।

আজ ১৩ আষাঢ়, পূর্ণিমাতিথি। আজকের দিনে কেনই বা জগন্নাথের স্নান যাত্রার আয়োজন হয় আর কেনই বা তাঁর এই হস্তিরূপে সজ্জা?

আসলে আজই ভগবান বিষ্ণু দারুকলেবরে পুরীধামে আবির্ভূত হয়েছিলেন। রাজা ইন্দ্রদ্যুম্নকে তাঁর ইষ্ট দেবতা বিষ্ণু কাঠের মূর্তিতে নবরূপে আবির্ভূত হবার বাসনা জানিয়েছিলেন। তাঁরই ইচ্ছায় সমুদ্রে ভেসে এলো কাঠ। রাজা সেই কাঠ নিয়ে এলেন ঘরে। কিন্তু তা দিয়ে বিষ্ণুর নবরূপ খোদাই করতে পারেন, এমন শিল্পী কাউকে পেলেন না তিনি। হতাশ হয়ে রাজা যখন হাপিত্যেশ করছেন, তখন বিষ্ণুর আদেশে স্বয়ং বিশ্বকর্মা স্বর্গ থেকে নেমে এলেন। সাধারণ এক ছুতোরের বেশে রাজার কাছে এসে তিনি রাজাকে আশ্বস্ত করলেন যে, ভগবান বিষ্ণুর এমন অপূর্ব রূপ তিনি ফুটিয়ে তুলবেন যা কেউ কখনো দেখেননি। তবে তাঁর একটাই শর্ত, মূর্তি নির্মাণ শেষ হওয়ার আগে অব্দি তিনি থাকবেন একটি বন্ধ কক্ষে, ভুল করেও কেউ সেখানে আসতে পারবেন না। কেউএলেই তিনি মূর্তি নির্মাণের কাজ ছেড়ে তক্ষুনি চলে যাবেন। রাজা কি আর করেন, মেনে নিলেন তাঁর শর্ত।

বিশ্বকর্মা ঘরের দরজা ভেজিয়ে শুরু করলেন মূর্তি নির্মাণের কাজ। ঘরের বাইরে ভেসে আসতে লাগল অবিরাম ছেনি হাতুড়ির ঠুকঠুক আওয়াজ। কিন্তু একদিন হঠাৎ করে সেই আওয়াজ গেল থেমে। রাজা ভাবলেন, রানি ভাবলেন, ব্যাপারটা কী? মূর্তি তৈরি কি তাহলে সম্পুর্ণ? তেমন হলে কথামতো ছুতোর তো এসে খবর দিত! তাহলে কি লোকটা অসুস্থ হয়ে পড়ল! এমন ভাবনা হতেই প্রবল উচাটন হয়ে উঠল মন। অমনি দরজা খুলে দেখতে গেলেন ব্যাপারখানা কি, আর তখনই ঘটে গেল অঘটন। ছুতোর চোখের সামনেই অদৃশ্য হয়ে গেলেন। ঘরের মধ্যে রয়ে গেল শুধু তিনটি মূর্তি। হাত নেই পা নেই আবক্ষ ঈশ্বর। জগন্নাথ, বলদেব আর সুভদ্রা। কিন্তু ছুতোর শিল্পী রচনা করে গেছেন তাঁদের অপূর্ব মোহময় চোখ, সে চোখের দিকে তাকিয়ে আশ যেন মেটে না। মনে হয় ব্রহ্মাণ্ডের অপার রূপ আর রহস্যময়তা ধরা পড়েছে তাতে, অপলক চেয়েও সে রহস্যের ঘোর যেন কিছুতেই কাটে না। রাজারানি বুঝলেন এই অনন্য রূপ ও কলেবরেই ভগবান আবির্ভূত হতে চেয়েছিলেন, এও তাঁরই লীলা।
বিগ্রহের আকারে আদিম শিল্পের ছাপ, চোখের তারায় চিরন্তন চেতনা। সেই চোখের টানেই বার বার ছুটে যেতে ইচ্ছে হয় শ্রীক্ষেত্র পুরীধামে। সে যাই হোক, এই তিন অসম্পূর্ণ অথচ সম্পূর্ণ বিগ্রহ রাজারানি প্রতিষ্ঠা করলেন মন্দিরে। আজকের দিনটি জগন্নাথের সেই দারুমূর্তিরূপে মর্ত্যে আবির্ভাবের দিন, জন্মদিন। তাই আজকের স্নানটি হল বিশেষ স্নান, তাকেই মহিমান্বিত করে বলা হচ্ছে, স্নানযাত্রা।

এমনই এক স্নানযাত্রার দিন ভগবান জগন্নাথকে দেখতে সুদূর গুজরাত থেকে সাধক গণপতি ভট্ট এসেছিলেন। তাঁর ইষ্ট দেবতা ছিলেন বিষ্ণু। তাই বিষ্ণুর নবকলেবর নবরূপ দেখার আকুলতা নিয়ে তিনি এতটা পথ অতিক্রম করেছিলেন মাসের পর মাস, দিন রাতের তফাত ভুলে বনপথের বিপদ মাথায় নিয়ে। তিনি শুনেছিলেন প্রভু জগন্নাথ হস্তিমুখ। সেইরূপেই তাঁকে দেখার প্রবল বাসনা ছিল তাঁর। তাই স্নানযাত্রার সময় কাছ থেকে জগন্নাথের মোহময় চোখে চোখ রেখেও যেন হস্তিমুখ দেখার বাসনা গেল না তাঁর। মনের আশ মনে চেপে ঘরে ফেরার পথ ধরলেন তিনি।

অন্তর্যামী ভগবান বুঝলেন ভক্তের মনের কথা। ভক্তের অতৃপ্তির ব্যথা। ভক্ত তাঁকে যে রূপে দেখতে চান, তিনি তাঁকে সে রূপেই দেখা দেন। তাই তিনি রাজাকে স্বপ্ন দিলেন তাঁকে হস্তিমুখ সাজে সাজানোর আর পরমভক্ত গণপতিকে পথ থেকে ফিরিয়ে আনার জন্য। রাজা তখন ভগবান জগন্নাথকে হস্তিমুখসজ্জা দিলেন, পথ থেকে আপ্যায়ন করে ডেকে আনলেন সাধক গণপতিকে। গণপতি নয়ন তৃপ্ত করে দেখলেন, হস্তিমুখ জগন্নাথ শুঁড় দিয়ে গ্রহণ করছেন নৈবেদ্য!

এই সময় থেকেই শুরু হল স্নানযাত্রার দিন প্রভু জগন্নাথকে হস্তিসজ্জায় সাজানোর প্রথা। আর এই স্নানযাত্রার পর থেকেই শুরু হয় জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার বিশ্রামের সময় আর রথযাত্রার জন্য এক পক্ষকালের অপেক্ষা…ঈশ্বর ও ভক্ত দুজনেরই…

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *