নীল রায়।
মান রাখি না কুল ! থুড়ি ! পিসি রাখি না ভাইপো ? এমনই দোটানায় পড়েছেন তৃণমূল বিধায়করা। মঙ্গলবার দুপুরে বিধানসভায় ডেঙ্গি নিয়ে আলোচনায় হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিয়মমাফিক বিধানসভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শাসকদলের সমস্ত বিধায়কদের থাকা আবশ্যিক। কিন্তু, আগামীকাল ক্যামাক স্ট্রিটে প্রশান্ত কিশোরের অফিসে দুটি জেলার বিধায়কদের বৈঠকে তলব করা হয়েছে। সকাল সাড়ে ১১টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার তৃণমূল বিধায়কদের বৈঠকে ডেকেছে প্রশান্ত কিশোরের দল।
দুপুর ২টোয় ডাকা হয়েছে নদীয়া জেলার বিধায়কদের। দুই বৈঠকে হাজির থাকবেন প্রশান্ত কিশোর (Prashant Kishor) ও তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এখন পশ্চিমবঙ্গ বিধানসভায় শীতকালীন অধিবেশন চলছে। সব রাজনৈতিক দলের বিধায়করা যোগ দিচ্ছেন অধিবেশনে। কিন্তু, মঙ্গলবারের অধিবেশনের প্রথম ভাগে যোগ দিতে পারবেন না পূর্ব বর্ধমান জেলার তৃণমূল বিধায়করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেঙ্গি নিয়ে আলোচনায় অংশ নেবেন। ওই আলোচনায় বৈঠক শেষ করে যোগ দিতে পারবেন পূর্ব বর্ধমানের বিধায়করা। কিন্তু, সমস্যায় পড়েছেন নদীয়া জেলার তৃণমূল বিধায়করা।
কারণ, যে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ডেঙ্গি নিয়ে আলোচনায় অংশ নেবেন। সেই সময়ই তাদের বৈঠকে ডেকেছেন প্রশান্ত কিশোর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনই ‘শিরে সংক্রান্তি’ পরিস্থিতিতে নদীয়া জেলার তৃণমূল বিধায়করা। এমন পরিস্থিতিতে তৃণমূলের নদীয়া জেলার এক বিধায়ক বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধিবেশন থাকবেন এবং বক্তৃতাও দেবেন। কিন্তু, সেই সময় প্রশান্ত কিশোরের অফিসে বৈঠক ডাকা হয়েছে। শুনলাম সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন। এমন পরিস্থিতিতে আমরা কোন দিকে যাই ?” সূত্রের খবর, ‘অনিচ্ছা’ সত্ত্বেও নদীয়ার তৃণমূল (TMC) বিধায়কদের যেতেই হবে প্রশান্ত কিশোর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে।
নদীয়ার আরও এক তৃণমূল বিধায়ক বলেন, “উপনির্বাচনে জয়ের পর প্রশান্ত কিশোর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূল্য মুখ্যমন্ত্রীর কাছে কয়েক হাজার গুণ বেড়ে গিয়েছে। তাই মুখ্যমন্ত্রীর বিধানসভার বৈঠক ছেড়ে আমাদের পিকে-ভাইপোর বৈঠকেই যোগ দিতে হবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news