সূর্য সরকার
কলকাতার বড় পুজো কমিটিগুলি আয়কর দপ্তরকে চিঠি দেওয়ায় বিচলিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতার বড় পুজো কমিটিগুলোর কাছে অায়কর দফতরের চিঠি দেওয়া প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সূত্রের খবর, সম্প্রতি কলকাতার কয়েকটি বড় পুজো কমিটি আয়কর দফতরের চিঠি পেয়েছে। বিগত বছরে তাদের পুজোর খরচের হিসেবে চাওয়া হয়েছে ওই চিঠিতে। উল্লেখ্য, সেইসব পুজোয় বেশিরভাগ ক্ষেত্রেই রাজ্যের শাসক দলের কোনও না কোনও মন্ত্রী বা বিধায়ক বা বড় নেতারা সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত। বেছে বেছে তৃণমূল নেতাদের অধীনে থাকা পুজো কমিটি গুলিতেই এক্ষেত্রে টার্গেট করা হয়েছে বলে অভিযোগ শাসকদলের। আর সেই কারণেই ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নবান্নে এক প্রশ্নের মুখ্যমন্ত্রী বলেন, “বহুজাতিক সংস্থাগুলি যখন এটিজি ট্যাক্সে ছাড় পাওয়ার সুযোগ পায় তখন পুজো কমিটিগুলো সেই ছাড় পাবে না কেন?” তিনি আরও বলেন, “এই ভাবে কলকাতার পুজোকে অপমান করা হচ্ছে। যেভাবে পুজোর মত একটা কমিউনিটি প্রোগ্রামে ইনকাম ট্যাক্স ওদের ডাকছে অামি মর্মাহত। এই পুজোয় সব ধর্মের মানুষ অাসে।”
সংশ্লিষ্ট সূত্র বলছে, এই সমস্ত পুজোয় গত ৪-৫ বছর আগে থেকেই বড় ছোট অনেক বেআইনি অর্থলগ্নি সংস্থার টাকা ‘চাঁদা ‘ হিসেবে ঢুকেছে। তাই গত কয়েক বছর ধরে আয়কর দপ্তর তাদের ওপর নজর দেওয়া শুরু করেছে।
পাশাপাশি, প্রতি বছর পুজোর খরচের এত বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে আসে! সেটাও চিঠি দিয়ে জানাতে বলা হয়েছে আয়কর দফতর থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ কলকাতার এক পুজো উদ্যোক্তার কথায়, “প্রতি বছর পুজোর পর খরচের রিটার্ন জমা দেওয়া হয়। সব তথ্য জানানো হয়। তারপরেও এই আচরণ আয়কর দফতরের কেন ?”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news