ওয়েব ডেস্ক:
অভিযানের শেষটা ঠিকঠাক হয়নি, তাই বলে ভারতের চন্দ্র অভিযান ব্যর্থ নয়, বুঝিয়ে দিলেন বিজ্ঞানীরা। কীভাবে? কারণ ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছন্ন হয়েছে ঠিকই। তথাপি অরবিটার রয়েছে সঠিক অবস্থানেই। এরফলে সেটি পরিকল্পনা মতো চাঁদকে প্রদক্ষিণ করবে ও ছবি পাঠাবে ইসরোকে।
এই বিষয়ে শনিবার এক ইসরো আধিকারিক জানান, ‘অভিযানের মাত্র ৫ শতাংশ ব্যর্থ হয়েছে। ল্যান্ডার বিক্রম আর রোভার প্রজ্ঞানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। কিন্তু রয়ে গিয়েছে বাকি ৯৫ শতাংশ অর্থাৎ চন্দ্রযান-২ অরবিটার।’
ওই মহাকাশ বিজ্ঞানী আরও জানান, আগামী এক বছর ধরে ওই অরবিটার চাঁদের বিভিন্ন ছবি তুলে পাঠাবে ইসরোকে। এমনকি ল্যান্ডার বিক্রম কোথায় রয়েছে সেই ছবিও পাঠাতে পারে অরবিটার। তবে ল্যান্ডারের মধ্যে থাকা রোভারের আয়ু আর মাত্র ১৪ দিন বলে জানা গিয়েছে।
মহাকাশ বিজ্ঞানীরা মনে করিয়ে দিচ্ছেন যে, যেভাবে জিএসএকভি মার্ক ৩-তে চন্দ্রযান মহাকাশে পৌঁছেছে ও চাঁদের কক্ষপথে সফলভাবে প্রবেশ করেছে, তা ভারতের মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। এই সাফল্যকে বিশেষজ্ঞরা বলছেন, যেন একটি চলন্ত ট্রেন থেকে কয়েক হাজার কিলোমিটার দূরের অন্য একটি চলন্ত ট্রেন লক্ষ্য করে বুলেট ছোঁড়ার মতো।
পাশপাশি অতি কম খরচে চন্দ্র অভিযান করে দেখিয়েছে ভারত। মাত্র ১৪০ মিলিয়ন ডলার খরচে সম্পূর্ণ হয়েছে অভিযান। উল্লেখ্য, আমেরিকার অ্যাপোলো মিশনে খরচ করেছিল ১০০ বিলিয়ন ডলার।
এদিকে শুক্রবার গভীর রাতের বিপর্যয়ের পর শনিবার সকালেই ইসরো হেডকোয়ার্টারে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইসরোর বিজ্ঞানীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের জন্যই আজ ভারত গর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে।’ নতুন ভোর আসবেই, আশ্বাসের সুরে বলেন ‘সামনে উজ্জ্বল ভবিষ্যৎ।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news