সূর্য সরকার।
খোদ পুলিশের বাড়িতেই বিস্ফোরণের ঘটনা ঘটল। শুক্রবার রাতে কেষ্টপুরের হানাপাড়া অঞ্চলে কলকাতা পুলিশের ইনস্পেকটার দেবাশিস রায়ের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন দেবাশিসের স্ত্রী সাথী রায়। তিনি এখন বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন সাথীদেবীর শরীরে ৯০ শতাংশই দগ্ধ হয়েছে।
কিভাবে ঘটল এই ঘটনা ! সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত সওয়া দশটা নাগাদ কেষ্টপুরের হানাপাড়ার ওই ফ্ল্যাটে ছিলেন কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর দেবাশিস রায় ও তাঁর স্ত্রী সাথী রায় এবং শ্যালক। রান্নাঘরে সাথী রায় ঢুকতেই প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে ফ্ল্যাটের মধ্যে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা ফ্ল্যাট লন্ডভন্ড হয়ে যায়। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে সিলিন্ডার বাস্ট করে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে অন্য কোনও কারণে বিস্ফোরণ কিনা সে ব্যাপারে জানতে ফরেনসিক পরীক্ষা করানো হবে ঘটনাস্থলের।
উল্লেখ্য, ইন্সপেক্টর দেবাশিস রায় কলকাতা পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ পদে কাজ করেছেন, এখন তার নিজের বাড়িতেই এই ঘটনায় রীতিমতো হতভম্ব তিনি। দেবাশিস জানিয়েছেন কি কারণে এই ধরনের বিস্ফোরণ ঘটল তা জানার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছি তদন্ত করেছি, বিষয়টি তারা দেখছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news