ওয়েব ডেস্ক:
এবার ইসরোর পাশে দাঁড়াল নাসা। ভারতীয় মহাকাশ সংস্থার পাশে দাঁড়িয়ে বিখ্যাত মার্কিন সংস্থাটিও বিক্রমের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা শুরু করল। প্রসঙ্গত, বিক্রমের খোঁজ পেতেই তার সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা। এখন চাঁদের যেখানে বিক্রম রয়েছে সেখানে সূর্যের আলো রয়েছে। তাই বিজ্ঞানীদের আশা বিক্রমের গায়ে লেপ্টে থাকা সোলার প্যানেলগুলো কাজ শুরু করলেই ফের বিক্রম সিগনাল পাঠাতে সক্ষম হবে। কিন্তু তা এখনও ঘটেনি। এরমধ্যেই ভারতের ইসরোর পাশে দাঁড়াল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
ইসরো যেমন চেষ্টা করছে তা করুক, তার পাশাপাশি নাসাও নিজেদের মত করে বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা শুরু করে দিয়েছে। উল্লেখ্য, আগামী ২০-২১ সেপ্টেম্বর পর্যন্ত বিক্রমের গায়ে সূর্যের আলো পড়বে। ওই সময় পর্যন্ত ইসরো ও নাসা নিজেদের মত করে বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যাবে বলে জানা গিয়েছে। এই সময়কালের মধ্যে কোনওভাবে যোগাযোগ স্থাপন হলে ভাল। না হলে আর কিছু করার থাকবে না বিজ্ঞানীদের।
গত ৭ সেপ্টেম্বর চাঁদে অবতরণের ঠিক আগভাগে বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর। এরপর বিক্রমের কি হয়েছে তা বুঝে উঠতে পারছিলনা ইসরো। অবশেষে চন্দ্রায়ন-২-এর অরবিটার ছবি পাঠিয়ে নিশ্চিত করে যে, বিক্রম চাঁদের মাটিতেই রয়েছে। কিন্তু ভারতের মহাকাশ যানটি হার্ড ল্যান্ডিং করেছে। ফলে তা পুরো সুস্থ আছে কিনা তা পরিস্কার নয়। যদিও ইসরো ছবি পরীক্ষা করে এটা বুঝতে পারে যে বিক্রম হার্ড ল্যান্ডিং করলেও তার যন্ত্রাংশ টুকরো হয়ে যায়নি। ফলে তার সঙ্গে যোগাযোগ সম্ভব হতে পারে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news