নিজস্ব সংবাদদাতাঃ
উত্তর দিনাজপুর: উর্দু শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের আন্দোলনে রনক্ষেত্রের চেহারা নিল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দ্বারিভিটা উচ্চ বিদ্যালয় চত্বর। জোর করে অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোঁড়া হয়। পুলিশ পালটা লাঠিচার্জ, রবারের গুলি ও টিয়ারগ্যাসের শেল ফাটিয়ে ছত্রভঙ্গ করে হাজার দুয়েক ছাত্রছাত্রীকে। এই ঘটনায় নিহত হয়েছে এক ছাত্র, আহত পুলিশসহ ১০ জন। এলাকায় ব্যাপক উত্তেজনা, বসানো হয়েছে পুলিশ পিকেট।
বিদ্যালয়ের প্রয়োজন বাংলা মাধ্যমের শিক্ষক। কিন্তু দেওয়া হয়েছে উর্দু মাধ্যমের শিক্ষক। তার প্রতিবাদে জানিয়ে কিছু দিন আগেই পথ অবরোধ সহ নানা আন্দোলন করেছিল দ্বারিভিটা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এরপরেও আজ ওই উর্দু শিক্ষক বিদ্যালয়ে কাজে যোগ দেওয়াতে নিয়ে আসে প্রশাসন। কিন্তু ছাত্রছাত্রীরা তাঁদের স্কুলের গেটেই আটকে দেয়। উর্দু বা সংস্কৃত শিক্ষক নয়, বাংলা মাধ্যমের অন্যান্য বিষয়ের শিক্ষক চাই এই দাবিতে দিনভর পথ অবরোধ চলে।
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের দ্বারিভিটা উচ্চ বিদ্যালয়ে উর্দু মাধ্যমের কোনও ছাত্রছাত্রী না থাকলেও সম্প্রতি বিদ্যালয়ে তিনজন উর্দু মাধ্যমের শিক্ষককে নিয়োগ করা হয়। এর প্রতিবাদে আজ স্কুল লাগোয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা।
ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ছাত্রছাত্রীদের দাবি, এর আগে পথ অবরোধ আন্দোলন করায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাদের আশ্বাস দিয়েছিলেন উর্দু শিক্ষক বিদ্যালয়ে আনা হবে না। অথচ আজ ওই উর্দু শিক্ষকদের কাজে যোগ দেওয়াতে বিদ্যালয়ে আনতে চেষ্টা করে বিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীরা জানিয়ে দেয়, তারা কিছুতেই বিদ্যালয়ে উর্দু শিক্ষকদের কাজে যোগ দিতে দেবে না। তাদের যুক্তি দ্বারিভিটা বিদ্যালয়ে কোনও উর্দু মাধ্যম বা বিষয়ের ছাত্রছাত্রীই নেই।
ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। অবরোধ ওঠাতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ বেধে যায় ছাত্রছাত্রীদের। পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। ছাত্রছাত্রীরা পালটা ইটপাটকেল ছোঁড়ে। এরপর পুলিশ রবারের গুলি চালায় এবং টিয়ারগ্যাসের শেল ফাটিয়ে ছাত্রছাত্রীদের ছত্রভঙ্গ করে।
এই ঘটনায় গুলিতে নিহত হয় এক ছাত্র, তার নাম রাজেশ সরকার, আইটিআই কলেজের ছাত্র। তাঁর বাড়ি স্কুলের পাশেই। এছাড়াও আহত হয়েছেন পুলিশসহ ১০জন। আরও একজন গুলিবিদ্ধ হয়েছে, তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় গুলি কীভাবে চলল তা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news