Breaking News
Home / TRENDING / ইরফান, বড্ড তাড়াতাড়ি চলে গেলে তুমি!

ইরফান, বড্ড তাড়াতাড়ি চলে গেলে তুমি!

রণবীর ভট্টাচার্য

সারা পৃথিবী করোনা নিয়ে চিন্তিত, এক অচেনা অন্ধকার মৃত্যুপুরী যেন ঘিরে ধরেছে। দৈনিক কর্মকান্ড স্থগিত, সিনেমা হল বন্ধ, শুধু মোবাইলে আঁকড়ে ধরে রয়েছে বিনোদন আর একটু ভালো থাকা। ঠিক এরকম একটা সময়ে, অভিনেতা ইরফান একটুও বিরতি না নিয়ে, না – ফেরার – দেশে চলে গেলেন। তিনি শুধুই ইরফান, কখনো অভিনয় করেননি, শুধু তার নাম বদলে গিয়েছে বড় পর্দায়। কখনো পান সিংহ তোমার, কখনো শওকত, কখনো রানা চৌধুরী বা কখনো চম্পক বনশল – কত অজস্র চরিত্র শুধুমাত্র অমর হয়েছে ইরফান ছিলেন বলে। আজ যখন জানা গেল যে ইরফান ড্রপ সিন ফেলে দিয়েছেন জীবন নামের এই নিশ্চিত অভিনয়ের স্টেজে, সবাই বিহ্বল, বাকরুদ্ধ! কে বলবে যে লক ডাউনের মধ্যে ডিজনি হটস্টারে অনেকেই এর মধ্যে দেখলেন ইরফান অভিনীত শেষ সিনেমা ‘ আংরেজি মিডিয়াম’!!

ভারতের মতো দেশে সাধারণ খেটে খাওয়া মানুষ অনুপ্রেরণা খোঁজে জীবনের থেকেও বড় স্টারদের থেকে। তাই স্টার হওয়ার রেসে জিম করতে হয়, নায়িকার জন্য জীবন বাজি রেখে লড়াই করতে হয় আর আসুরিক শক্তির প্রতিফলন দেখাতে হয় যাতে মারপিটের দৃশ্য বিশ্বাস যোগ্য হয়। কিন্তু পদবীতে ‘খান’ হয়েও ইরফান ছিলেন অনন্য। তাই হায়দারের রুহদার যখন তার চোখের নিঃশব্দতা ভাগ করে নেন দর্শকের সাথে, কিংবা কাঁরওয়াতে জীবনের উত্থান পতন মিলেমিশে যায় চাওয়া – পাওয়ার সাথে বা হিন্দি মিডিয়ামের সেই রাজ যখন ঘুন ধরে যাওয়া সমাজের বিরুদ্ধে এগিয়ে আসে – দর্শক গুলিয়ে ফেলেন যে সত্যিই এটা অভিনয় তো!

অমরিশ পুরি, অনুপম খের, ওম পুরি থেকে আরম্ভ করে অনেক ভারতীয় অভিনেতা অভিনেত্রী বিদেশের কাজেও স্বনামধন্য হয়েছেন। কিন্তু বলতে দ্বিধা নেই, তিন খানের দাপট বা দুই রণবীরের সাফল্য বা দেশাত্মবোধক সিনেমার একচেটিয়া স্টার অক্ষয় কুমার কিংবা উঠতি তারকাদের ওয়েব সিরিজে সাফল্যের মধ্যেও ইরফান ছিলেন একজন সত্যিকারের বিশ্ব মাপের অভিনেতা। তাই জুরাসিক ওয়ার্ল্ড, দ্য আমেজিং স্পাইডারম্যান, লাইফ ওফ পাই এর মত ইংরেজিতে সিনেমাতেও সমান ভাবে সফল ইরফান। রিয়ালিটি শো- য়ের চেয়ারে বসে মিনিটে মিনিটে নকল হাসির অভিনয় করতে হয়নি তাকে। বলাই বাহুল্য, বাণিজ্যিক ছবিতেও যে ইরফানের মত তুখোড় অভিনেতাকে আপামর ভারতীয় দর্শক উপভোগ করেছে প্রতিটি সিনেমার পরতে পরতে, এটাও অনেক বড় পাওনা ছিল বলিউডের।

মানুষ কি আসন্ন মৃত্যু বুঝতে পারে? হয়তো পারে, হয়তো নয়। ক্যান্সারের সাথে অসম লড়াইয়ের মাঝে ইরফান বোধহয় ইঙ্গিত পেয়েছিলেন সেই অঘোর বাস্তবের। তাই কিছুটা যেন নিজেকেই নিজে বলেছিলেন,

“चिंता दरकिनार हुई और फिर विलीन होने लगी और फिर मेरे दिमाग से जीने-मरने का हिसाब निकल गया.”

ইরফানদের মত প্রতিভারা বারবার আসে না। বিনোদন তো অনেকেই দেন কিন্তু কতজন আর নিজে রক্ত মাংসের মানুষ হয়ে মিশে যেতে পারেন! থিয়েটার, সিনেমা, ওয়েব সিরিজ – কোথায় বিচরণ ছিল না ইরফানের! ওনার স্ত্রী সুতপা, দুই ছেলে বাবলি ও অয়নের জন্য বড় কঠিন এই সময়। ইরফানকে মানুষ মনে রাখবে বড় পর্দায় সততার জন্যে, যিনি পর্দায় একেকটি অবতারে স্মৃতি তৈরি করে গেছেন ভাষা, ভৌগলিক দূরত্ব সব ভেদাভেদ অতিক্রম করে।

শুধু সালাম বম্বের সেই নাম না জানা চিঠি লিখতে থাকা ইরফান শেষ চিঠিটা পোস্ট না করেই চলে গেলেন!

ভালো থাকবেন, ইরফান!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *