চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
কয়েক দিন আগের মহিলা আইপিএল নিলাম নিয়েও আগ্রহ ছড়িয়ে ছিল দেশ জুড়ে। ইতিমধ্যেই মহিলা আইপিএল ও পুরুষদের আইপিএল (IPL) নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিল ভারতীয় বোর্ড (BCCI)। শোনা যাচ্ছে, আগামী ১ এপ্রিল থেকে শুরু হয়ে যেতে পারে আইপিএল উৎসব।
দু’টো তারিখ রাখা হয়েছে। ৩১ মার্চ কিংবা ১ এপ্রিল, তবে সম্ভাবনা দ্বিতীয়র বেশি। গত বার থেকে দশটা টিম নিয়ে আইপিএল শুরু হয়েছে। গুজরাট টাইটান্স এবং লখনউ সুপার জায়ান্টস-এই দু’টো টিম জুড়েছে নতুন সংযোজনে, আর তাতেই প্রথম বার খেলতে নেমেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে হার্দিক পাণ্ডিয়ার গুজরাট টাইটান্স।
গত বার ৭৪-টা ম্যাচ হয়েছিল আইপিএলে। মনে করা হচ্ছিল যে, এবার থেকে বেড়ে যেতে পারে ম্যাচ সংখ্যা। কিন্তু যতটুকু যা শোনা গেল, সেটা নাকি হওয়ার সম্ভাবনা কম। কারণ-ম্যাচের সম্প্রচারজনিত কিছু সমস্যা রয়েছে, তাই এবারও ম্যাচ সংখ্যা ৭৪ রাখা হবে।
আপাতত সব ঠিক থাকলে, তাতে আগামী ২৮ মে আইপিএল ফাইনাল হওয়ার সম্ভাবনা। তাতে হোম-অ্যাওয়ে ফর্ম্যাটের প্রত্যাবর্তন ঘটতে চলেছে, টুর্নামেন্টের গ্রুপ পর্বে। কোভিড পূর্ব জমানায় যে ভাবে হত আইপিএল, এবার হবে সে ভাবে। পাশাপাশি ‘ইমপ্যাক্ট প্লেয়ারে’-র আমদানিও দেখা যাবে।
ও দিকে, মহিলা আইপিএল নিয়েও পুরোদমে ময়দানে নেমেছে বোর্ড। আগামী ৪ মার্চ থেকে শুরু হচ্ছে প্রথম মহিলা আইপিএল। পনেরো দিন ধরে যা চলবে। ফাইনাল হবে আগামী ২২ মার্চ। জানা গেল, মহিলা আইপিএলের উদ্বোধন যথেষ্ট জাঁকজমক সহকারে করার কথা ভাবছে বোর্ড। বলিউড তারকাদের কাউকে কাউকে উদ্বোধনী অনুষ্ঠানে আনার পরিকল্পনাও রয়েছে।
তবে কারা আসবেন, কারা পারফর্ম করবেন- সেই সম্পর্কে এখনও চূড়ান্ত হয়নি। তবে এবারই যেহেতু প্রথম মহিলা আইপিএলের আসর বসবে দেশে, তাই সেটাকে স্মরণীয় করে রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে, সমাপ্তি অনুষ্ঠানের বন্দোবস্তও থাকবে, বলে শোনা যাচ্ছে ক্রিকেট মহলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news