চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আমফান ঘূর্ণিঝড়ের (Amphan Cyclone Strom) বলিরেখা এখনও শহর কলকাতার ললাটে স্পষ্ট। তার মধ্যেই বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে কালবৈশাখী ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টিপাত। বৃহস্পতিবার সকালেও আকাশের মুখ ভার। কলকাতা সহ জেলায় জেলায় চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। গতকাল সন্ধ্যায় ঘন্টায় প্রায় ৯৬ কিলোমিটার ঝড়ের ধাক্কায় শহর ও শহরতলির বহু জায়গায় ফের গাছ ও লাইটপোস্ট উপড়ে গিয়েছে। নতুন করে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বহু এলাকা। ফলে দুর্যোগ কাটিয়ে ওঠার আগেই ফের নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কারণ আমফানের ক্ষয়ক্ষতির কারণে ওই জায়গায় এখনো শুরু করা যায়নি উদ্ধার কার্য। তাতে কালবৈশাখী সহ ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাহত হয়েছে যাবতীয় পরিকল্পনা। গতকাল থেকেই শহর কলকাতায় ধীরগতিতে নামানো হয়েছে পরিবহন পরিষেবা। কিন্তু আচমকা বৃষ্টি সহচর সবকিছুর স্তব্ধ করে দিয়েছে। প্রসঙ্গত, এদিনই আমফান ফান দুর্যোগের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে বিরোধী দলনেতা আব্দুল মান্নান পরিষদের নেতা সুজন চক্রবর্তী সাগরদ্বীপে যাওয়ার কর্মসূচি ছিল। কিন্তু শেষ মুহূর্তে, কালবৈশাখী ঝড় বৃষ্টির দাপটে সেই কর্মসূচি বাতিল করতে বাধ্য হয়েছেন তারা। সুজন চক্রবর্তী জানিয়েছেন, আবহাওয়া খামখেয়ালীপনার কারনে জেলাশাসক তাদের কর্মসূচি পিছিয়ে দিতে অনুরোধ করা এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল পৌনে আটটা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, “রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। নিম্মচাপ অক্ষরেখাটি দক্ষিণবঙ্গের দিকে সরে এসেছে। তার জেরেই এই বৃষ্টি।”
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, বিহার থেকে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ হয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত একটি সু্স্পষ্ট নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। তার প্রভাবেই দুই মেদিনীপুর, কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টি হবে আগামী কয়েক দিন। বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানেও দফায় দফায় বৃষ্টি চলবে।
আমফানের পর যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার কাজ হয়েছে। কিন্তু এর মধ্যে বৃষ্টি শুরু হওয়ায় সেই কাজও কিছুটা ব্যাহত হচ্ছে। গতকাল রাতের ঝড়ে হুগলীর আরামবাগ এলাকায় গাছ পড়ে মৃত্যু হয়েছে একজনের। মৃতের নাম লালমোহন রায়গুপ্ত (৪০)। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বজ্রপাতে মৃত্যু হয়েছে গোপাল যাদব নামের এক ব্যক্তির।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news