চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আগে থেকে কেটে রাখা ৩০ জুন পর্যন্ত সমস্ত টিকিট বাতিল করল ভারতীয় রেল (Indian Railway)। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে রেল মন্ত্রণালয় জানিয়েছে, বাতিল হওয়া টিকিটের পুরো টাকা যাত্রীদের ফেরৎ দেওয়া হবে। রেলের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ৩০ জুন পর্যন্ত কেটে রাখা সমস্ত টিকিট বাতিল করা হয়েছে। মেল, এক্সপ্রেস, সাবার্বান-সহ সমস্ত ট্রেনই এই সিদ্ধান্তের আওতায় পড়বে। সব টিকিটের পুরো টাকাই ফেরত দেওয়া হবে বলে বিবৃতিতে জানিয়ে দিয়েছে রেল। লকডাউন উঠে যাবে ধরে নিয়ে জুনের জন্য প্যাসেঞ্জার ট্রেনের টিকিট বুকিং শুরু করেছিল ভারতীয় রেল। কিন্তু বৃহস্পতিবার সকালে ঘোষণা করা হল, ৩০ জুন অবধি মেল, এক্সপ্রেস ও সাবার্বান সহ প্রতিটি প্যাসেঞ্জার ট্রেনের বুকিং রদ করা হল। টিকিটের পুরো দাম ফেরত দেওয়া হবে।
ট্রেন পরিষেবা পুরোপুরি বাতিল হলেও, ‘শ্রমিক স্পেশাল’ এবং যে দেশের ১৫টি রুটে যে বিশেষ ট্রেনগুলি চালানো হচ্ছে, সেগুলি নির্ধারিত সূচি অনুযায়ীই চলবে বলে জানানো হয়েছে রেলের পক্ষে। বুধবার থেকে ৬৪২টি ‘শ্রমিক স্পেশাল’ (Sharamik Special) ট্রেন চালানো হবে । লকডাউনের মধ্যে ভিন রাজ্যে আটকে পড়া ৭ লক্ষ ৯০ হাজার শ্রমিক এই ট্রেনগুলিতে ঘরে ফেরানোর কাজ চলছে। মঙ্গলবার থেকে স্পেশাল ট্রেন চালানো শুরু করেছে ভারতীয় রেল। সেই ট্রেন চললেও, অন্য সমস্ত ধরনের ট্রেন পরিষেবা বন্ধের ঘোষণা রাখার সিদ্ধান্তে, ফের কবে পরিষেবা শুরু করা হবে তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন উঠে গেল বলেই মত প্রশাসনিক মহলে।
প্রসঙ্গত, ট্রেন চলাচল বন্ধ রয়েছে সেই ২২ মার্চ থেকে। লকডাউন কার্যকর হওয়ার ৩ দিন আগে থেকেই দেশ জুড়ে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে রেল মন্ত্রণালয়। পরে তিন দফায় ১৭ মে অবধি লকডাউনের (Lockdown) মেয়াদ বাড়ায় ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। ওই সময়ের মধ্যে সাধারণ যাত্রীবাহী ট্রেনের বুকিং নেওয়া হয়নি। গত রবিবার রেল ঘোষণা করে, দফায় দফায় ট্রেন পরিষেবা শুরু করা হবে। নভেল করোনা ভাইরাসের সংক্রমণের ভয়াবহতা দেশকে গ্রাস করায় আপাতত ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news