ওয়েব ডেস্ক:
জলসীমা লঙ্ঘন করে পাকিস্তানে ঢুকে পড়ল ভারতের সাবমেরিন। এমনই দাবি করছে পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম। সেখানে প্রকাশিত খবর অনুযায়ী, সোমবার মধ্যরাতে জলসীমা লঙ্ঘন করে ভারতীয় নৌসেনা। ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিন পাকিস্তানের করাচি বন্দরের দিকে ধেয়ে আসছিল বলে দাবি করে পাকিস্তানের ওই সংবাদমাধ্যমগুলি।
যদিও পাকিস্তানের নৌসেনা সজাগ থাকায় ভারতের সাবমেরিন হামলা চালাতে পারেনি বলে দাবি করে পাক সংবাদমাধ্যম। আরও জানা গিয়েছে, প্রমাণ হিসাবে একটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান নৌবাহিনী। যা সেখানকার সংবাদমাধ্যমগুলিতেও প্রকাশিত হয়।
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ভারতের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন ভারতের নৌবাহিনীর প্রধান। ভারতের নৌসেনা প্রধান সুনীল লানবা বলেন, নৌসেনা তথা উপকূলরক্ষী বাহিনীকে সতর্ক করা হয়েছে। জলপথকে হাতিয়ার করে হামলা চালাতে পারে পাক জঙ্গিরা, এজন্য জঙ্গিদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে ভারতও প্রস্তুত আছে।
মনে করা হচ্ছে, সতর্কতা হিসাবে ভারতের সাবমেরিন জলসীমায় কিছু পদক্ষেপ নিয়েছে, আর সেই বিষয়টিকেই ভারতের হামলা বলে খবর করছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলি।
তবে পুলওয়ামা হামলার পর ভারতের রণং দেহি মনভাবে চিন্তিত পাকিস্তান। ইতিমধ্যে দু’দুবার ভারত পাকিস্তানে ঢুকে মার দিয়েছে পাক জঙ্গি ও সেনাকে। এমত অবস্থায় সঙ্গত কারণেই আশঙ্কায় ভুগছে পাকিস্তান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news