নিজস্ব সংবাদদাতা।
কাতার ম্যাচের দুর্ধর্ষ পারফরম্যান্সের পর মুখ থুবড়ে পড়ল ভারত (India)। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ফিফা কোয়ালিফায়ার ম্যাচে বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ১-১ গোলে আটকে গেল সুনীলরা। ম্যাচের ২৪ ঘন্টা আগে বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া জানিয়েছিলেন, ভারতের হৃদয় ভাঙতে এসেছে তাঁরা। ৮৮ মিনিট পর্যন্ত পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছিল। কিন্তু অন্তিমলগ্নে ব্রেন্ডনের কর্নার থেকে ফ্লিকে গোল করে দেশের মান বাঁচায় আদিল খান। শুধু তাই নয়, দুটো নিশ্চিত গোল বাঁচিয়ে ম্যাচের সেরাও দিল্লির ডিফেন্ডার। এক পয়েন্ট পেয়ে খাতায় কলমে টিকে থাকলেও পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এদিন প্রায় ৬২ হাজার ফুটবলপ্রেমী যুবভারতী ভরিয়েছিল। কিন্তু সুনীলদের পারফরম্যান্সে হতাশ হয়েই মাঠ ছাড়তে হল শহরবাসীকে। সুযোগ নষ্ট এবং ফিনিশিংয়ের অভাবই ডোবাল। শেষপর্যন্ত ১১ জন বাঙালীর কাছে আটকে গেল ভারতীয় দল।
কলকাতায় ম্যাচ হলেও স্টিম্যাকের প্রথম একাদশে কোনো বাঙালি ফুটবলার ছিল না। প্রীতম কোটাল, শুভাশিস বসুদের বসিয়ে কেন রাহুল বেকেকে খেলালেন বোঝা গেল না। ডাহা ব্যর্থ তিনি। সঙ্গে সুনীল, মনবীর, সাহালদের গোল মিস। প্রথমার্ধেই অন্তত ২-০ তে এগিয়ে যেতে পারত ভারত। ম্যাচের ৫ মিনিটের মাথায় আশিকের লং বল থেকে সুনীলের শট বাঁচায় বাংলাদেশ কিপার আশরাফুল। তার কিছুক্ষণ পরে বেকের হেডার বাইরে যায়। এরপর বিরতির আগে মনবীরের হেড বাঁচায় বিপক্ষ কিপার। আধিপত্য নিয়ে খেললেও গোলমুখ খুলতে পারেনি ভারত। প্রথমার্ধের শেষদিক থেকে ম্যাচে ফেরে বাংলাদেশ। ৩০ মিনিটে রেহানের শট আনাসের গায়ে লেগে পোস্ট ছুঁয়ে বেরিয়ে যায়। কিন্তু ৪২ মিনিটে গুরপ্রীতের ভুলে এগিয়ে যায় টাইগার্সরা। ভারতীয় গোলকিপার বলের ফ্লাইট মিস করায় জামালের বাঁ পায়ের ফ্রিকিক থেকে ড্রপ হেডে গোল করে সাদ উদ্দিন। বিরতির পরে ওয়ান টু ওয়ান সিচুয়েশনে মিস করে জীবন। তাঁর একটা শট পোস্টেও লাগে। শেষদিকে গোললাইন থেকে বল ফেরত পাঠায় আদিল।
কাতারের বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্সের পর এদিন কিছুটা নড়বড়ে দেখায় গুরপ্রীতকে। তবে ম্যাচের রেজাল্ট যে কোনও দলের পক্ষেই যেতে পারত। ৮৮ মিনিটে ১-১ করার পরও জয়সূচক গোলের সুযোগ এসেছিল ভারতের সামনে। কিন্তু দিনটা যেন ‘মেন ইন ব্লুজ’দের ছিল না। ম্যাচের শেষ কোয়াটারে একটুর জন্য লক্ষভ্রষ্ট হয় সুনীলের ফ্রিকিক। বেশ কয়েকবার জটলার মধ্যে বল পেয়েও তেকাঠিতে রাখতে ব্যর্থ হয় ভারতের স্ট্রাইকিং ফোর্স। সুযোগ নষ্টের খেসারত দিতে হল সুনীলদের।
ছবি- অমিত মুন্সী
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news