চ্যানেল হিন্দুস্থান ব্যুরো, ঢাকা :
আগরতলা স্থলবন্দরে (Agartala Port) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ছয়জন সদস্য নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় বাংলাদেশের (Bangladesh) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য নেওয়া বন্ধ রেখেছে দেশের ব্যবসায়ীরা। ফলে এই বন্দর দিয়ে ভারতের আগরতলায় রবিবার সকাল থেকে পণ্য রফতানি বন্ধ রয়েছে। এতে করে বন্দরে বেশ কয়েকটি পণ্য বোঝাই ট্রাক আটকে পড়েছে। আক্রান্ত বিএসএফ সদস্যগণ আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
আখাউড়া স্থল বন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজীব ভুইয়া বলেন, “চেকপোস্টের শূণ্য রেখায় দায়িত্বে থাকা ছয়জন বিএসএফ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এজন্য রবিবার সকাল থেকে বন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু ভারতীয় ব্যবসায়ীরা আমরাদের আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কিছু জানায়নি।” তিনি আরও বলেন, “আমরা নিজ থেকেই আগরতলা বন্দরে যোগাযোগ করে বিএসএফ (BSF) সদস্যদের আক্রান্ত হওয়ার খবর জেনেছি। সেজন্য ব্যবসায়ীরা পণ্য আমদানি বন্ধ রেখেছেন। তবে কবে নাগাদ আবার পণ্য রফতানি শুরু হবে সেটি আমরা এখনও নিশ্চিত নই।”
উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দরটি বাংলাদেশের রফতানিমুখী স্থল বন্দর বলে পরিচিত। প্রতিদিন এই বন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত সাতটি রাজ্যে বিভিন্ন পণ্য রফতানি করা হয়ে থাকে। যদিও ত্রিপুরা (Tripura) রাজ্যের সঙ্গে অন্য রাজ্যগুলোর যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার ফলে আগে থেকে পণ্য রফতানি পরিমাণ অনেক কমেছে। বর্তমানে পাথর সহ কয়েকটি পণ্য রফতানির মাধ্যমে আখাউড়া স্থল বন্দরের রফতানি বাণিজ্য চলছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news