চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
সৌজন্যতা দেখিয়ে ধৃত চিনা সেনাকে ফিরিয়ে দিল ভারতীয় সেনা। সোমবার লাদাখের ডেমচোক এলাকায় চিনের পিপলস লিবারেশন আর্মির (People Liberation Army) এক সৈনিক প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের মধ্যে ঢুকে পড়ে। তাঁকে আটক করে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) জওয়ানরা। মঙ্গলবার রাতে তাঁকে চিনের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে সেনা সূত্রে খবর। তার আগে দীর্ঘক্ষণ তাঁকে জেরা করা হয়েছে বলেও জানা গিয়েছে। সোমবার সেনা সূত্রে বলা হয়, ধৃত ওই পিএলএ সৈনিককে জেরা করা হচ্ছে। চিনের ষষ্ঠ মোটোরাইজড ডিভিশনের সৈনিক তিনি। জেরায় ওই সৈনিক জানিয়েছেন, তাঁর চামরি গাই খোয়া গিয়েছে। সেটি খুঁজতে বেরিয়েছিলেন। তবে সেনা অফিসারদের সন্দেহ, চরবৃত্তি করতে ভারতের ভূখণ্ডের মধ্যে ঢুকেছিলেন ওই চিনা সৈনিক। তাঁর কাছ থেকে মিলিটারি ডকুমেন্ট উদ্ধার করা হয়েছে।
চিনা সৈনিক ধরা পড়ার পরে সোমবারই লাল ফৌজ থেকে ভারতীয় বাহিনীর কাছে আবেদন এসে পৌঁছয়। তাতে বেজিংয়ের তরফে বলা হয়, পিএলএ-র এক সৈনিক নিঁখোজ। সে ব্যাপারে ভারতীয় বাহিনীর কিছু জানা থাকলে যেন তা জানানো হয়। সাউথ ব্লক সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই চিনা সেনার নাম ওয়াং ইয়া লং। আটক করা হলেও তাঁকে অক্সিজেন, ওষুধ, গরমবস্ত্র দেওয়া হয়। লাদাখে দুই দেশের সেনাবাহিনী প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন করেছে। শীতে সংঘাত বাড়ার আশঙ্কা রয়েছে। সে জন্য দুই দেশই প্রস্তুতি ও রসদের যোগান বাড়াচ্ছে। তার মধ্যেই চিনা সেনা ধরা পড়ার ঘটনায় উত্তেজনা ছড়ায় কূটনৈতিক মহলে। কিন্তু এমন পরিস্থিতিতে চিনা সেনাকে ফিরিয়ে সৌজন্যের বার্তা দিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news