প্রসেনজিৎ মাহাতো:
আজ মঙ্গলবার বিশ্বকাপে বাংলার মুখোমুখি ভারত। এই বাংলা অবশ্যই বাংলাদেশ। বাংলার বিরুদ্ধে নামার আগে বেশ চাপেই রয়েছে ব্লু ব্রিগেড। চোটের জন্য ছিটকে গেছেন তরুণ অলরাউন্ডার বিজয় শঙ্কর। এমত অবস্থায় প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে ভারত-বাংলা যুদ্ধ ঘিরে বরাবরের মতো সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা চরমে। খেলার আনন্দ যেন অনাবশ্যক বিদ্বেষে না গড়ায় তার বার্তা দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরফি মর্তুজা। মাশরফির এই বার্তায় কতটুকু আমল দেবে দু’দেশের ফ্যানেরা, প্রশ্ন সেখানেই।
পরিসংখ্যানে ফেবারিট ভারত অনেক এগিয়ে। দু’দলের সাক্ষাৎ হয়েছে ৩৫ বার। ভারত জয়ী ২৯ বার, বাংলাদেশ জিতেছে ৫ বার। পরিত্যক্ত ১ টি ম্যাচ। অন্যদিকে বিশ্বকাপে মোট তিন বারের লড়াইয়ে ভারত জয়ী ২ বার, বাংলাদেশ জিতেছে ১ বার।
তবে ভারতের বিরুদ্ধে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ শিবির। মাশরফি বলছেন, ‘ভারতের বিরুদ্ধে ১০০ শতাংশ ভাল খেললেই জিতব’। এই মন্তব্য থেকেই পরিষ্কার যে, ভারতকে ভয় পাচ্ছে না বাংলাদেশ। মাশরফি আরও বলছেন, ভারতীয় সমর্থকরা চাইবেন ভারত জিতুক। এ নিয়ে চাপ বাড়াতে চাই না। আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে চাই। নিজেদের খেলা নিয়ে ভাবতে চাই’।
সূত্রের খবর, মিডল অর্ডার নিয়ে উদ্বেগ রয়েছে ভারতীয় শিবিরে। আপাতত চার নম্বরে ঋষভ পন্থেই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। ঋষভকে সময় দিতে চায় টিম। ঋষভও চান নিজেকে প্রমাণ করতে। সব মিলিয়ে পারদ চড়ছে বার্মিংহামের সবুজ উদ্যানে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news