প্রসেনজিৎ মাহাতো:
হাইভোল্টেজ যুদ্ধ। মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা। শত্রুতার আগে ব্রাজিলের স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসের মন্তব্যে হালকা ঝাঁঝ থাকলেও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির বক্তব্যে ম্যাচের বল গড়ানোর আগে দু’পক্ষের মধ্যে যুদ্ধের আঁচ নেই।
কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা যুদ্ধের আগে হুঁশিয়ারি জেসুসের—‘সেমিফাইনালে আমাদের শক্তিশালী রক্ষণ ভাঙতে গেলে মেসি এবং সার্জিও আগুেয়রোকে ঘাম ঝরাতে হবে’। কোপায় এখনও একটা গোল হজম করেনি ব্রাজিল। বুধবারের ম্যাচের আগে যা সেলেকাওদের আত্মবিশ্বাস যোগাচ্ছে। ‘আর্জেন্টিনার পক্ষে কাজটা সহজ হবে না। কোনও টুর্নামেন্টে আমরা একটা গোল হজম করিনি, এরকম অনেকদিন বাদে হল। ডিফেন্স পোক্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ। বেলো হরিজন্তেতে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে দু’দলের।’এমনটাই মনে করেন জেসুস।
সেমিফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে মেসির ফর্ম যতই উদ্বেগের কারণ হোক, ব্রাজিল কিন্তু আর্জেন্টাইন মহাতারকাকে শ্রদ্ধায় মুড়ে রাখছে। ব্রাজিলের থিয়াগো সিলভা বলছেন, ‘বিশ্ব ফুটবলে মেসি অন্যতম সেরা। ওর মত ফুটবলার আমি দেখিনি। যতই প্রস্তুতি নিই, ওকে রোখা খুব কঠিন। কখন যে কী করে দেবে, বোঝা মুশকিল।’ ২০১৬-১৭ মরশুমের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর সেই ম্যাচ মনে করিয়ে সিলভা বলছেন, ‘প্রথম পর্বে প্যারিস সাঁ জাঁ ৪–০ হারিয়েছিল বার্সিলোনাকে। দ্বিতীয় পর্বে মেসির নেতৃত্বে পিএসজিকে ৬-১ হারিয়েছিল বার্সা। সেই হারটা জীবনে ভুলব না।’
কোপায় শেষ তিন সাক্ষাতে তিনবারই জিতেছে ব্রাজিল। বুধবার ঘরের মাঠে আবারও সামনে আর্জেন্টিনা। ব্রাজিল শিবির মানছে চাপ থাকবে। তবে স্বস্তির খবর, ফিলিপে লুইস এবং ফার্নান্ডিনো লুইস রোসা ম্যাচের জন্য ফিট। আর্জেন্টিনা কোচ বলেন, ‘নতুন একটা ম্যাচ খেলছি, এভাবে দেখলে চলবে না। কোপার সেমিফাইনাল খেলার মত করে খেলতে হবে। এটা ভাবলেই যথেষ্ট। বিপক্ষে কে আছে মাথা ঘামিয়ে লাভ নেই।’
তবে একদল ফুটবল বিশেষজ্ঞ এও বলছেন, কোপা ফাইনাল হয়ে উঠতে পারে ব্রাজিল ভার্সেস মেসি। যদি জেগে ওঠেন তিনি!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news