চ্যানেল হিন্দুস্থান ঢাকা ব্যুরো :
প্রথমবারের মতো বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতীয় পণ্য যাচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম প্রদেশ অসম ও ত্রিপুরায় (Assam & Tripura)। বৃহস্পতিবার কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে রড ও ডালের চালান নিয়ে চট্টগ্রাম বন্দরের দিকে যাত্রা শুরু করেছে এমভি সেঁজুতি নামে একটি জাহাজ। ১০৮ কনটেইনার পণ্য নিয়ে জাহাজটি বাংলাদেশ – ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় পরীক্ষামূলকভাবে আগামী সোমবার বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে (Chittagong Port) পৌঁছাবে। চট্টগ্রাম বন্দর থেকে চার কনটেইনার পণ্য কাভার্ড ভ্যানে বাংলাদেশের ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া-আগরতলা স্থলবন্দর হয়ে ত্রিপুরা ও অসম রাজ্যে পৌঁছাবে । চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, “কনটেইনারগুলোর মধ্যে দু’টিতে রড থাকবে, যা ত্রিপুরার জিরানিয়ার এস এম করপোরেশনের। বাকি দুই কনটেইনার ডাল যাবে আসামের জেইন প্রতিষ্ঠানের কাছে।”

চালানের মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দর ও সড়কপথ ব্যবহার করে পণ্য উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে পরিবহনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করছে ভারত। বাকী ১০৪টি কনটেইনার পণ্য বাংলাদেশী ব্যবসায়ীদের। বিস্তারিত কাগজপত্র হাতে এলে জাহাজটি চট্টগ্রাম বন্দরে ভেড়াতে কাস্টমসের কাছে অনুমতি চাওয়া হবে। ওমর ফারুক বলেন, “চট্টগ্রাম বন্দরে এখন জাহাজ বা কনটেইনার জট নেই। ফলে জাহাজটি আসা মাত্রই বার্থিং কার্যক্রম শুরু করতে পারব। বন্দরের নিয়মানুযায়ী নির্ধারিত মাশুল আদায় করে জাহাজটির ছাড়পত্র দেওয়া হবে।” চুক্তি অনুযায়ী, ভারতীয় পণ্য পরিবহনে বাংলাদেশের কাস্টমস কর্তৃপক্ষ সাত ধরনের মাশুল আদায় করবে। সেগুলো হলো- প্রতি চালানের প্রসেসিং ফি ৩০ টাকা, টনপ্রতি ট্রান্সশিপমেন্ট ফি ৩০ টাকা, নিরাপত্তা মাশুল ১০০ টাকা, এসকর্ট মাশুল ৫০ টাকা এবং প্রশাসনিক মাশুল ১০০ টাকা। এ ছাড়া প্রতি কনটেইনার স্ক্যানিং ফি ২৫৪ টাকা ও ইলেকট্রিক সিল ও লক মাশুল প্রযোজ্য হবে।
প্রসঙ্গত, ২০১৮ সালের অক্টোবরে ভারতের দিল্লিতে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে পণ্য সরবরাহ করতে দু’দেশের মধ্যে চুক্তি হয়। চুক্তির আর্টিক্যাল-৪ অনুযায়ী, বাংলাদেশের আমদানি-রপ্তানি পণ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যে ধরনের সুবিধা নিয়ে থাকে ভারতীয় পণ্যের ক্ষেত্রেও সেই সুবিধা প্রদান করবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news