চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বিজেপি (BJP) বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের পরিবার তাঁর রহস্যজনক মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল। শুক্রবার হেমতাবাদের প্রয়াত বিধায়কের পরিবার এ বিষয়ে আদালতে মামলা দায়ের করেছে। প্রয়াত দেবেন্দ্রনাথের পরিবারের আইনজীবী ব্রজেশ ঝাঁ বলেছেন, পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবিতে এবং কারা এই হত্যার সঙ্গে যুক্ত, তা জানতে প্রয়াত বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের স্ত্রী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। আমরা চাই এই ঘটনার সিবিআই তদন্ত হোক।” প্রসঙ্গত, ঘটনার পরে পরেই রাজ্য সরকারের পদাধিকারী থেকে তৃণমূল নেতৃত্ব সকলেই এই মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছে।
আইনজীবী বলেছেন, “বিগত দিনে আমরা দেখেছি বিরোধী দলের যারা নেতৃত্ব বা কর্মী রয়েছে তাদের মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেইসব হত্যাকাণ্ডের কোনওরকম তদন্ত হয়নি। বাড়ির অভিযোগকে পাত্তা না দিয়ে নিজেদের মতো করে তদন্ত করছে প্রশাসন।” রাজ্য পুলিশের তদন্ত প্রসঙ্গে প্রশ্ন তুলে আইনজীবী ঝাঁ বলেন, “ঘটনার পরে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে যে টুইটটি করা হয় তাতে বলা হয় বিধায়ক আত্মহত্যা করেছে। পরে জেলার পুলিশ সুপার একই বিবৃতি দিয়ে ঘটনাটিকে আত্মহত্যা বলছেন এবং একটি সুইসাইড নোটের কথা উল্লেখ করছেন। আমাদের মনে হয়েছে পুরো বিষয়টি সাজানো হয়েছে।”
ঘটনাচক্রে, বিজেপি বিধায়কের ময়নাতদন্তেও তাঁর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। তাই নিরপেক্ষ তদন্তের দাবিতে আদালতের কাছে দেবেন্দ্রনাথ রায়ের পরিবার এ বিষয়ে সিবিআইয়ের হস্তক্ষেপের দাবি করেছে। প্রসঙ্গত, গত সোমবার সকালে হেমতাবাদের বালিয়াতে নিজের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে একটি দোকানের সামনে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের (Debendranath Roy)। ঘটনা কথা জানাজানি হতেই বিক্ষোভ শুরু করে বিজেপি। সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানান। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, এই মৃত্যুর তদন্ত করবে সিআইডি। তদন্তের কোনো প্রয়োজন নেই। যদিও ঘটনার পরদিন নবান্ন সাংবাদিক সম্মেলন করে রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই মৃত্যুকে আত্মহত্যা বলে ঘোষণা করে দিয়েছেন। তাই বিজেপি ও বিধায়কের পরিবার ঘটনার তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news