চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
“উপযুক্ত জবাব দিতে জানে ভারত।” চিনকে এমনটাই হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বুধবার দ্বিতীয় দফায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের শুরুতেই সীমান্ত সংঘর্ষে নিহত শহিদ আত্মার শান্তির উদ্দেশ্যে দু মিনিটের নীরবতা পালন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “তিনি জাতিকে আশ্বাস দিতে চান, জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না। ভারত শান্তি চায়। কিন্তু কেউ যদি তাকে উস্কানি দেয়, সে উপযুক্ত জবাব দিতে জানে।” প্রধানমন্ত্রী আরও বলেন, “ভারতের ক্ষমতা নিয়ে কারও মনে সন্দেহ থাকা উচিত নয়। ভারত শান্তিকামী দেশ। কিন্তু কেউ যদি তাকে উস্কানি দেয়, সে যে কোনও পরিস্থিতিতেই উপযুক্ত জবাব দিতে পারবে।”
এ প্রসঙ্গে তিনি বলেছেন, “আমি গর্বের সঙ্গে জানাচ্ছি, চিনাদের সঙ্গে লড়াই করার সময় আমাদের ২০ জন সৈনিক মারা গিয়েছেন। আমি নিশ্চিত যে, এই আত্মত্যাগ বৃথা যাবে না। আমাদের কাছে দেশের ঐক্য ও সার্বভৌমত্ব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।” মোদী আরও বলেন, “আমরা কখনই অন্যকে উস্কানি দেব না। তা বলে নিজেদের ঐক্য ও সার্বভৌমত্বের সঙ্গেও আপস করব না। অতীতে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা লড়াই করেছি। আমরা আত্মত্যাগে পিছপা নই। আঘাত পেলেও ঘুরে দাঁড়াতে জানি।” এ প্রসঙ্গে আলোচনা করতে আগামী শুক্রবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
লাদাখের গালওয়ান ঘাঁটিতে ভারত ও চিনের সেনাবাহিনীর (Indo China Army) মধ্যে সোমবার রাতে সংঘর্ষের ঘটনার পর থেকে উত্তপ্ত রয়েছে দিল্লি ও বেজিংয়ের পরিস্থিতি। সংঘর্ষের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানের সঙ্গে গভীর রাত পর্যন্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাত ১০ টা নাগাদ বৈঠক শুরু হয়। চলে অনেক রাত পর্যন্ত। আপাতত সরকারি পর্যায়ের বৈঠক নিয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি। তবে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে এ প্রসঙ্গে বিবৃতি দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news