নিজস্ব প্রতিনিধি।
ভারত সফরে আসার ঠিক আগে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বললেন, ভারত আমেরিকার সঙ্গে ভাল ব্যবহার করে না। এতদিন ধরে ভারতে আসার নিয়ে তিনি কতটা উত্তেজিত তা বারবার বললেও, এই ধরণের কোনও মন্তব্য করেননি ট্রাম্প। হঠাৎ সফরের আগে এই ধরণের মন্তব্য কী কারণে তা খুব স্পষ্ট না হলেও বাণিজ্য এবং অর্থনীতির ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক মোটেই মসৃন নয়। আগামী ২৪ ফেব্রুয়ারি স্ত্রী মেলানিয়াকে নিয়ে ভারত সফরে আসছেন ট্রাম্প। এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্ত হওয়ার কথা। তার আগে এই ধরণের মন্তব্য যে অনভিপ্রেত তা বলাই বাহুল্য।
এর আগে ভারতকে ‘শুল্কের রাজা’ বলে সম্বোধন করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। কৃষি পণ্য থেকে মোটরবাইক, ওষুধ সব নিয়েই বাণিজ্য ক্ষেত্রে মতপার্থক্য হয়েছে দুই দেশের মধ্যে। ট্রাম্প একসময় অভিযোগ করেন, আমেরিকার বাজারে ভারত প্রচুর সুবিধা পেলেও ভারতে আমেরিকা বিশেষ কোনও সুবিধা পায় না। এর আগে দুই দেশের বাণিজ্য নিয়ে কথা বলতে আমেরিকার বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইথাজারের ভারতে আসার কথা ছিল। কিন্তু মতপার্থক্যের জন্য তাঁর সফর বাতিল হয়ে গিয়েছে। এর পর মার্কিন প্রেসিডেন্ট এলে কতটা কাজের কাজ হবে তা নিয়ে ধন্ধ ছিলই। এবার নতুন করে দুশ্চিন্তায় পড়ল দিল্লি তা বলাই বাহুল্য। তবে এর মধ্যে প্রধানমন্ত্রী মোদীর বিস্তর প্রশংসা করেছেন ট্রাম্প। মোদীর সঙ্গে দেখা করার জন্যই ভারতে আসতে চান এমনও বলেছেন তিনি। দুই দেশের এই অর্থনৈতিক বিরোধ এবার পারস্পরিক সৌহার্দ্যে কাটবে কি না এখন সেটাই দেখার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news