প্রসেনজিৎ মাহাতো:
ভারত-পাক লড়াই মানেই ধুন্ধুমার! দু’দেশের সমর্থকদের, ক্রিকেটারদের অ্যাড্রিনালিন ক্ষরণের লড়াই। সম্মানের লড়াইয়ে কেউ কি আর হারতে চায়। ফলে, দুই ‘চিরশত্রু’র লড়াই যথারীতি হাইভোল্টেজ। যার উত্তাপে গা সেঁকছে ইংল্যান্ড, ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম।
দু’দলের ম্যাচ জেতার সার্বিক পরিসংখ্যানের বিচারে গেলে এগিয়ে রয়েছে সরফরাজের দল। দু’দলের দেখা হয়েছে ১৩১ বার। ভারত জিতেছে ৫৪ বার, পাকিস্তান জিতেছে ৭৩বার। ম্যাচ ভেস্তে গেছে ৪ বার। তবে, এটা নিয়ে চিন্তার কিছু নেই ভারতীয় সমর্থকদের। কারণ, বিশ্বকাপে দু’দলের খেলা হওয়ার বিচারে স্রেফ ধুয়ে মুছে সাফ চিরশত্রু পাকিস্তান। বিশ্বকাপে দু’দলের ৬ বারের খেলায় একবারও জিততে পারেনি পাকিস্তান। সবকটা ম্যাচই জিতেছে ভারত।
তবে এই মহারণে কেউ এগিয়ে কেউ পিছিয়ে থাকে না। এই যুদ্ধে কোনও পরিসংখ্যান খাটে না। ভবিষ্যৎবাণীও মেলে না। ম্যাচের দিন যে দলের ক্রিকেটাররা স্নায়ুর চাপ নিতে পারে, ম্যাচ শেষে তারাই শেষ হাসি হাসে।
এবার অবশ্য আত্মবিশ্বাসী দু’দলই। অধিনায়ক বিরাট কোহলি বলে দিয়েছেন, পাকিস্তানকে হারাবোই। বিরাট বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে যেভাবে হারিয়েছি, সেই ছন্দ ধরে রাখতে পারলে পাকিস্তানকেও হারাব। শুরু থেকেই আক্রমণাত্মক খেলব। ঠান্ডা মাথায় নিজেদের কাজ করতে হবে।’ বিপক্ষ দলের অধিনায়ক সরফরাজও বলেছেন, ভারত খুব শক্তিশালী দল। তবে, আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে। চাপ নিলে সমস্যা হবে। সতীর্থদের বলেছি, খোলা মনে খেলতে।’ সব মিলিয়ে প্রস্তুত দু’দলই। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর কয়েক ঘন্টার অপেক্ষা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news