সূর্য সরকার।
তদন্ত প্রক্রিয়া যথাযথভাবে না এগােনােয় জামিন হয়ে গেল টালিগঞ্জ থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ৫ অভিযুক্তের। মঙ্গলবার আলিপুর আদালত ওই হামলার ঘটনায় যুক্ত অভিযুক্তদের জামিন দিয়েছে। এর আগেও টালিগঞ্জ থানায় পুলিশ নিগ্রহের ঘটনায় মূল অভিযুক্ত পুতুল নস্কর ও তাঁর এক সঙ্গী সােমা মণ্ডল জামিন পেয়েছিল। সেবার পরিবারের এক সদস্যের অসুস্থতার কারণে তাদের জামিন দেওয়া হয়েছিল । মঙ্গলবার বাকিদেরও তদন্ত প্রক্রিয়া যথাযথভাবে অগ্রগতি না হওয়ার কারণে জামিন দিল আদালত।
উল্লেখ্য, ১২ আগস্ট রাতে টালিগঞ্জ থানার পুলিশ রণজয় হালদার নামে এক ব্যক্তিকে আটক করা নিয়ে অশান্তির সূত্রপাত। এরপর থানায় ঢুকে কর্তব্যরত অফিসারদের মারধর ও ভাঙচুর চালায় একদল স্থানীয় লােকজন। ব্যাপক মারধর করা হয় পুলিশ কনস্টেবল বিমান দাসকে। ঘটনায় পুলিশ পাকড়াও করে সাতজনকে। ঘটনার জেরে অপসারিত হন থানার ওসি অনুপ ঘােষ। এই ঘটনায় দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় অভিযোগের আঙুল তুলেছিলেন বিজেপির দিকে। কিন্তু তার ঠিক পরেই পুলিশকে আমজনতার আক্রমণ নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম পরস্পরবিরোধী মন্তব্যে জড়িয়ে পড়েন। তাতে প্রকাশ পেয়েছিল তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা। এবার সেই কাণ্ডে পুলিশ পিটিয়েও জামিন পেয়ে গেলেন ওই অভিযুক্তরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news