সূর্য সরকার।
ফের বিপুল পরিমাণ মাদক উদ্ধার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার বিকেলে নারকেলডাঙা থানার অধীন ক্যানাল ইস্ট রােড থেকে একটি প্রাইভেট গাড়িতে তল্লাশির সময় উদ্ধার হয় আট কোটি টাকার হেরােইন। উদ্ধার হওয়ার হেরােইনের ওজন প্রায় ২.১৪৭ কেজি। ওই গাড়িতে থাকা দুই মাদক পাচারকারীর নাম জয়গোপন দেবনাথ ( ৩৪ ) ও হুসেন আহমেদ ( ৪০ )। দুজনেই আসামের তিনসুকিয়ার বাসিন্দা । ধৃতদের বিরুদ্ধে মাদক দমন আইনে মামলা দায়ের করেছে এসটিএফ। ধৃতদের বুধবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর, ধৃতরা এই মাদক উত্তরবঙ্গ হয়ে কলকাতায় নিয়ে এসেছে। ধৃতদের শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। এই মাদক শহরে নিয়ে এসে খুচরাে ব্যবসায়ীদের কাছে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। কোথায় কাদের কাছে এই মাদক নিয়ে আসা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত কয়েকমাসে প্রাইভেট গাড়িতে করে শহরে মাদক নিয়ে আসার একটা প্রবণতা দেখা যাচ্ছে পাচারকারীদের মধ্যে । অতি সম্প্রতি অন্তত পাঁচটি মাদক পাচার চক্র পাকড়াও করেছে পুলিশ, যারা প্রাইভেট গাড়িতে লুকিয়ে বিপুল পরিমাণ মাদক শহরে এনেছিল। আগে গ্রেফতার হওয়া সেইসব পাচারকারীদের সঙ্গে এদিন গ্রেফতার হওয়া চক্রের সদস্যদের কোনও যােগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news