নিজস্ব সংবাদদাতা:
পুরুলিয়ার পর জঙ্গলমহলের আর এক জেলা। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে জঙ্গল মহলে শাসক দলের ফল আশানুরূপ হয়নি। সেই কারণে ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। শনিবার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পুরুলিয়া জেলার ৫ ব্লক সভাপতি কে সরানো হয়েছিল। রবিবার ছিল বাঁকুড়ার পালা। এদিন বাঁকুড়ার সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ দাস কে সরিয়ে দেওয়া হয়েছে। সরানো হয়েছে ইন্দপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত লায়েক কেও। সনৎ দাসের জায়গায় সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়েছে রামানুজ সিংহ মহাপাত্রকে। অন্যদিকে ইন্দপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়েছে সৌমিত্র পতিটকে। পঞ্চায়েত নির্বাচনে সিমলাপালে সাতটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে দুটি পঞ্চায়েত হাতছাড়া হয় শাসক দলের। এই ব্লকের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েত গেছে বিজেপির দখলে, দুবরাজপুর গ্রাম পঞ্চায়েত গেছে সিপিএমের দখলে। ব্লক সভাপতির পদ থেকে সনৎ দাসকে সারানোর পিছনে এই ফল কাজ করেছে বলেই মনে করছেন বাঁকুড়া জেলার নেতৃত্ব। তবে সনৎ দাস জানিয়েছেন, অসুস্থতার কারণেই তিনি আগে থেকেই অব্যাহতই চেয়েছিলেন; কিন্তু পঞ্চায়েত ভোটের কারণে তখন তাকে অব্যাহতি দেওয়া হয় নি। যদিও তিনি বলেছেন, ‘আমি দলেই থাকব এবং দলের হয়ে কাজ করব।’ এদিকে ইন্দপুর ব্লকে তৃণমূল কংগ্রেস সাতটি গ্রাম-পঞ্চায়েতের মধ্যে তিনটিতে ভালো ফল করতে পারেনি। সম্ভবত সে কারণেই সরিয়ে দেওয়া হয়েছে অসিত লায়েক কে। এদিকে সদ্য অপসারিত ইন্দপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জানান, ‘আমাকে কিছুই জানানো হয় নি। আমি অপমানিত বোধ করছি।’ তবে বাঁকুড়া তৃণমূল জেলা সভাপতি অরূপ খাঁ জানিয়েছেন, ‘তরুণদের জায়গা করে দিতেই দল এই সিদ্ধান্ত নিয়েছে, এর সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের কোন যোগ নেই।’
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news