নীল রায়।
শতবর্ষে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের দক্ষিণ কলকাতার বেলতলার বাসভবন পশ্চিমবঙ্গ সরকারকে অধিগ্রহণ করার আবেদন জানালেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya)। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) উদ্দেশ্য করে দু’পাতার একটি চিঠি পাঠিয়েছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন আগামী ২০ অক্টোবর প্রয়াত সিদ্ধার্থশঙ্কর রায়ের (Siddharthshankar Roy) শততম জন্মদিবস। আগামী এক বছর যাবৎ তাঁর শতবর্ষ উদযাপন করার সময় থাকছে। ১৯২০ সালের ২০ অক্টোবর জন্মেছিলেন সিদ্ধার্থশঙ্কর।
মুখ্যমন্ত্রীকে বিজয়া তথা উৎসব মরসুমের শুভেচ্ছা জানিয়ে নিজের চিঠি শুরু করেছেন প্রদীপ ভট্টাচার্য। তিনি লিখেছেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি সিদ্ধার্থশঙ্কর রায় ছিলেন দেশের একজন জাদরেল আইনজীবী। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সর্বত্রই ছিল তাঁর বিচরণ। হয়েছিলেন কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট মন্ত্রী। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ও কর্মকাণ্ডের কথা মাথায় রেখেই অবিলম্বে বেলতলা বাসভবনটি অধিগ্রহণ করুক রাজ্য সরকার।
কারণ প্রসঙ্গে প্রদীপ ভট্টাচার্য মমতাকে লিখেছেন, বর্তমানে তাঁর বাসভবনটি ভাড়া দেওয়া হয়েছে। ফলে তার অযত্ন হচ্ছে। শতবর্ষে প্রয়াত মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী যেন অবিলম্বে তা অধিগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের দৌহিত্র সিদ্ধার্থশঙ্করের সম্পর্ক ছিল বেশ ভালো। কংগ্রেস ছেড়ে মমতা তৃণমূল কংগ্রেস গঠন করলেও, কংগ্রেসের থেকে যান সিদ্ধার্থশঙ্কর রায়। তা সত্ত্বেও তাদের সম্পর্কে কখনও বৈরিতা আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার মাস সাতেক আগে তাঁর মৃত্যু হয়। তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হিতাকাঙ্খিদের মধ্যে একজন ছিলেন সিদ্ধার্থশঙ্কর। সেই সম্পর্কের কথা উল্লেখ করে প্রদীপ ভট্টাচার্য চিঠিতে তাঁর প্রস্তাবের কথা ভেবে দেখতে বলেছেন মুখ্যমন্ত্রীকে।
চিঠিতে প্রদীপ ভট্টাচার্য লিখেছেন, স্বাধীনতার আগে ও পরে নানা সময়ে রচিত বহু অমূল্য নথি ও বই সিদ্ধার্থশঙ্করের বাড়িতে রয়েছে। তার মূল্য হয়তো কয়েক কোটি টাকা। কিন্তু ঐতিহাসিক গুরুত্ব সীমাহীন। মুখ্যমন্ত্রী বিবেচনা করলে সেই সমস্ত বই ও নথি এশিয়াটিক সোসাইটিকেও দিয়ে দিতে পারেন বলে চিঠিতে উল্লেখ করেছেন প্রদীপ ভট্টাচার্য।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news