চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
গর্ভবতী হাতির (Elephant) মৃত্যুর ঘটনায় অবশেষে গ্রেফতার করা হল একজনকে। কেরালায় গর্ভবতী এক হাতিকে বাজি ভর্তি এক আনারস দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। এই অমানবিক কাজের জন্য যোগ্য শাস্তির দাবীতে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া। সাধারণ মানুষ থেকে দেশের তাবড় ব্যক্তিত্ব, সকলেই এই মর্মান্তিক মৃত্যুর বিচার চেয়েছেন। সেই প্রেক্ষিতে কেরল সরকার জানিয়েছিল যে দোষীর শাস্তি হবেই। জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তির নাম পি উইলসন।
কেরলের বনমন্ত্রী (Forest Minister of Kolkata) কে রাজু জানিয়েছেন, গর্ভবতী হাতির মৃত্যুর প্রেক্ষিতে যে তদন্ত চলছে তাতে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে আটক করা হয়েছে আরো একজনকে। পুলিশ এবং বনদফতর একসঙ্গে এই ঘটনার তদন্ত করছে। মন্ত্রী আরও জানিয়েছেন, আরও বেশকিছু জনের তল্লাশি ইতিমধ্যেই চালাচ্ছে তদন্তকারী অফিসাররা। খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে। এছাড়াও এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। আটক তিন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে জোরকদমে চলছে তল্লাশি।
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও (Pinarai Vijayan) জানিয়েছেন, দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। কেরল পুলিশের ৮ সদস্যের একটি দল ইতিমধ্যেই হস্তিনীর মৃত্যুর জায়গা ঘুরে দেখে এসেছেন তদন্তের জন্য। বছর ১৫-র এক গর্ভবতী হস্তিনীকে বাজি ঠাসা আনারস খাইয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে কেরলের পালাক্কড় জেলায়। এই ঘটনা প্রথম প্রকাশ্যে আনেন কেরলের বনবিভাগের আধিকারিক মোহন কৃষ্ণণ। বনবিভাগের ওই আধিকারিক জানিয়েছেন, জখম অবস্থায় হাতিটিকে পাথানাপুরম জঙ্গলের কাছে একটি নদী থেকে উদ্ধার করা হয়েছিল। উদ্ধার করার পরের দিন মৃত্যু হয় হস্তিনীর।
মারা যাওয়ার পর হাতিটির ময়নাতদন্ত হয়। বন দফতর জানিয়েছে, মুখে বোমা বিস্ফোরণের ফলে হস্তিনীটির শারীরিক পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছিল। মুখের ক্ষত ছাড়া শরীরে আর কোনও আঘাতের চিহ্ন ছিল না। শরীরে কোনও বুলেট বা অন্য কিছু প্রবেশ করনি। কিন্তু বিস্ফোরণে মুখ ও ঘাড়ের অংশ ভেঙে গিয়েছিল, ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল জিভ। পাকস্থলীতে কোনও খাবার বা জলের চিহ্ন ছিল না। দু’মাসের ভ্রুণ ছিল তার পেটে। গর্ভের সন্তানকে বাঁচানোর জন্যই সম্ভবত জলে নেমেছিল হাতিটি। জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চরম যন্ত্রণা ও কষ্ট পেয়ে মারা যায় সে। গত ২৭ মে মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয় হস্তিনীর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news