ওয়েব ডেস্ক:
হাবেভাবে শান্তির দূত ইমরান! তাঁর সিদ্ধান্তে অভিনন্দন দেশে ফিরেছেন। যদিও জেনেভা কনভেনশন অনুযায়ী ভারতীয় পাইলটকে ফেরানোর কথাই ছিল। কিন্তু আসল কথা হল পাক প্রধানমন্ত্রী একদিকে যখন যুদ্ধ নয় শান্তি চাই টাইপ ভাষণ দিচ্ছেন, সেই একই সময় ভারতের সীমান্ত লাগোয়া গ্রামে পাক গোলায় নিহত হচ্ছে নিস্পাপ শিশুও!
গতকাল রাজৌরিতে পাক গোলাগুলিতে শহিদ হয়েছিলেন নিরাপত্তা বাহিনীর ৪ জওয়ান। এবার নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি গ্রামগুলিতে সাধারণ মানুষকে নিশানা করল পাক রেঞ্জার্সরা। এদিন রাতভর গোলাগুলিতে পুঞ্চ জেলায় মৃত্যু হল একই পরিবারের ৩ জনের।
সূত্রের খবর, হাউত্জার কামান থেকে গুলি চালানো হয় নিয়ন্ত্ররেখা বরাবর গ্রামগুলিতে। ছোঁড়া হয় মর্টারও। যাতে নিহত হয়েছেন রুবানা কাওসার নামে এক গৃহবধু, তাঁর ৫ বছরেরর ছেলে ফাজান ও ৯ মাসের মেয়ে শবনম। পরিবারের আরও একজন মারাত্মক জখম হয়েছেন।
উল্লেখ্য, বালাকোটে ভারতের বিমান হামলা, বায়ুসেনা পাইলট অভিনন্দনকে আটক করা নিয়ে উত্তেজনার মধ্যে গত কয়েকদিন ধরে ভারতীয় সীমান্তে টানা গোলাগুলি চালিয়েছে পাক বাহিনী। মেনধার, নৌসেরা, বালাকোট, কৃষ্ণঘাঁটি এলাকায় বহু মানুষের ঘরবাড়ি পাক গোলায় ধ্বংস হয়েছে।
এরই মধ্যে শনিবার নিয়ন্ত্রণরেখা বরাবর সালোট্রি গ্রামে আছড়ে পড়ে একের পর এক পাক গোলা। অন্যদিকে শুক্রবার পাক গোলাগুলিতে মানকোট এলাকায় আহত হন এক মহিলা। বাধ্য হয়ে জেলা প্রশাসন পুঞ্চে নিয়ন্ত্রণরেখার পাঁচ কিলোমিটারের মধ্যে থাকা স্কুল ও অন্যান্য সরকারি দফতর বন্ধ করে দিয়েছে। সব মিলিয়ে গত সাত দিনে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মোট ৬০ বার গুলি চালিয়েছে পাকিস্তান।
অতএব প্রশ্ন উঠছে, একদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী যুদ্ধের ভয়াবহতা নিয়ে দার্শনিক ভাষণ দেবেন, আর তাঁর সেনাই যুদ্ধবিরতী চুক্তি অমান্য করবে? এই পাকিস্তানকে কি বিশ্বাস করা উচিত ভারত সহ গোটা পৃথিবীর?
শীর্ষ চিত্র: সৌজন্যে এএনআই
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news