ওয়েব ডেস্ক:
লাদেনকে খুঁজতে আমেরিকাকে সাহায্য করেছিল আইএসআই, বিস্ফোরক দাবি ইমরানের। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের এমন দাবিতে শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে।
প্রসঙ্গত, বর্তমানে মার্কিন সফরে রয়েছেন ইমরান। সেখানেই সোমবার এক সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি। এদিন ইমরানকে সাংবাদিকেরা প্রশ্ন করে—যে চিকিৎসকের জন্য লাদেনের খোঁজ পেয়েছিল আমেরিকা, সেই শাকিল আফ্রিদিকে কি পাকিস্তান মুক্তি দেবে? উত্তরে মুক্তি দেওয়ার বিষয়টি এড়িয়ে যান ইমরান। বলেন, ওই চিকিৎসক চরবৃত্তি করেছেন। আইএসআই প্রসঙ্গ উঠতেই ওসামা বিন লাদেনের প্রসঙ্গ টেনে নিজেদের কৃতিত্ব তুলে ধরার চেষ্টা করেন তিনি। এরপরই ইমরানের চাঞ্চল্যকর দাবি—, ‘লাদেনের সম্পর্কে তথ্য দিয়েছিল পাক গোয়েন্দা সংস্থাই। এ ব্যাপারে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-কে জিজ্ঞাসা করতে পারেন।’
যদিও আমেরিকার লাদেন হত্যার আগে বহুবার পাকিস্তান সরকার দাবি করেছিল, আল কায়দা নেতা সম্পর্কে তারা কিছু জানে না। এমনকী লাদেন যে সে দেশে আছে সে কথাও অস্বীকার করেছিল তত্কালীন পাক সরকার। প্রশ্ন উঠছে, তা হলে আজ হঠাৎ এ কথা কেন বলছেন ইমরান?
বিশেষজ্ঞদের মতামত, সন্ত্রাসবাদ নিয়ে আন্তর্জাতিক মহলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে পাকিস্তান। বর্তমানে রীতিমতো চাপে রয়েছে তারা। এই অবস্থায় বিশ্বকে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার মতো বার্তা দিতে চাইছে ইমরানের পাকিস্তান। কিন্তু পাক প্রধানমন্ত্রীর সোমবারের বক্তব্যে আসলে হিতে বিপরীতই হল। কারণ, আমেরিকায় বসে আইএসআইকে কৃতিত্ব দিতে গিয়ে সিআইএ-র ভূমিকাকে খাটো করে বসলেন ইমরান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news