ওয়েব ডেস্ক:
অসুস্থতার কারণ দর্শিয়ে কাজ হল না। শেষ পর্যন্ত তৃণমূল নেতা ইকবাল আহমেদের বাড়ি পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা। নারদাকাণ্ডের তদন্তে শাসক দলের বিধায়কের বাড়ি গিয়ে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, অসুস্থতার কারণে ইকবাল আহমেদ সিবিআই দফতরে হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছিলেন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সিবিআই আধিকারিক রঞ্জিত কুমার সহ ৬ জনের একটি দল প্রাক্তন ডেপুটি মেয়র বাড়িতে উপস্থিত হন। তাঁর সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, গত মঙ্গলবার হাজিরা দেওয়ার কথা ছিল ইকবাল আহমেদের। সৌগত রায়, মদন মিত্ররা ওইদিন হাজিরা দিয়ে কণ্ঠস্বরের নমুনা দিলেও যাননি ইকবাল আহমেদ। পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
তিনি অসুস্থ এই মর্মে কোর্টের কাছে থেকে ৩ সপ্তাহের সময় চান ইকবাল। অন্যদিকে, ভয়েস টেস্টের জন্য নিম্ন আদালতের কাছে অনুমতি চায় সিবিআই। নিম্ন আদালত সিবিআইকে অনুমতি দেয়। যদিও ইকবাল নিম্ন আদালতের অনুমতিকেও চ্যালেঞ্জ করেন হাইকোর্টে। কিন্তু আগামী সপ্তাহে বিচারপতি সেই মামলা শুনবেন বলে জানান।
এরপরই সিবিআই সিদ্ধান্ত নেয়, বাড়িতে গিয়েই ইকবাল আহমেদের কন্ঠস্বর নমুনা সংগ্রহ করা হবে। সেই মতো আজ সকালে তৃণমূল নেতার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news