নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:
অক্সিজেনের নিয়মিত জোগান না থাকায় অচল ব্লাস্ট ফার্নেস। জমাট বাঁধল গলিত ইস্পাত। ফার্নেসের জমাট ছাড়াতে কালঘাম ছুটছে কর্তৃপক্ষের। ততদিন বন্ধ উৎপাদন। চরম লোকসানের মুখে রাষ্ট্রায়ত্ত সংস্থা সেইলের বার্ণপুরে ইস্কো। ঘটনায় জানা গেছে, গত ১৫ আগষ্ট বার্ণপুরে ইস্কো কারখানার অক্সিজেন প্ল্যান্ট আচমকা ট্রিপ করে। ফলে সেখান থেকে ব্লাস্ট ফার্নেসে অক্সিজেন জোগান বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, অক্সিজেনের সাহায্যেই ব্লাস্ট ফার্নেসে নিরন্তর আগুন জ্বলে। চার ঘন্টারও বেশী সময় জোগান বন্ধ থাকায় ফার্নেস ঠান্ডা হয়ে যায়। ফলে ফার্নেসে থাকা গলিত ইস্পাত জমাট বেঁধে যায়। আর তাতেই ঘটে বিপত্তি। জমাট বাঁধা ইস্পাত কাটতে নাভিশ্বাস দশা কর্তৃপক্ষের। জানা গিয়েছে, ফার্নেসের ৩৮ টি হোল জমাট বেঁধে রয়েছে। ইস্কো কর্তৃপক্ষ জানিয়েছে, বোকারো, ভিলাই থেকে বিশেষজ্ঞরা এসেছে, জমাট ইস্পাত কেটে কিভাবে ফার্নিস চালু করা যায় তার কাজ চলছে। অন্যদিকে ফার্নিসে গরম করতে প্রায় ১৪০০ ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন। এখনও পর্যন্ত ১১০০ ডিগ্রিতে তাপমাত্রা আনা সম্ভব হয়েছে। ইস্কোর জনসংযোগ আধিকারিক ভাস্কর সিংহ জানিয়েছেন,” দু-একদিনের মধ্যে প্ল্যান্ট স্বাভাবিক হয়ে যাবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news