চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
বাস ভাড়া বৃদ্ধি না করলে শহর কলকাতার রাজপথে আর বেশি সংখ্যক বেসরকারি বাস নামানো সম্ভব নয় এমনটাই জানালেন জয়েন্ট কাউন্সিল অব ওয়েস্টবেঙ্গল বাস সিন্ডিকেটের (Joint Council Of West Bengal Bus Syndicate) সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “অতিরিক্ত বাস নামাতে গেলে তার একমাত্র পথ ভাড়া বৃদ্ধি করা।” যদিও তিনি জানিয়েছেন কিছুদিন আগেই রাজ্য সরকার ট্যাক্স ও পারমিটের ক্ষেত্রে কম সময়ের জন্য হলেও ছাড় দিয়েছে। কিন্তু এটা যথেষ্ট নয় । কারণ ইতিমধ্যে ডিজেলের দাম ৭৮ টাকা প্রতি লিটার। তাই বাস ভাড়া বৃদ্ধি ছাড়া অতিরিক্ত বাস চালানো সম্ভব নয়। এর পাশাপাশি তপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, “কেন্দ্রীয় সরকারকেও কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল। যেমন ব্যাংকের ঋণ মুকুব করা, ইন্সুরেন্স এর প্রিমিয়াম মুকুব করা, সিএফ সার্টিফিকেট ফিটনেস বৃদ্ধি করার জন্য। সেই সঙ্গে শহর কলকাতায় টোল টেক্স অধিক হয়েছে। সেখানেও বাস ভাড়া বৃদ্ধি না করলে অনেক সমস্যা হবে।” এই প্রস্তাব নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু এখনও কোন উত্তর আসেনি বলেই জানিয়েছেন তিনি।
এরপরে রাজ্যপাল জগদীপ ধনখড়ের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও সদুত্তর মেলেনি। তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এমন কঠিন পরিস্থিতির মধ্যে এই বেসরকারি বাসগুলি পুরোপুরি আইসিইউতে চলে গেছে। এদেরকে আবার ফিরিয়ে আনতে হলে বাস ভাড়া বৃদ্ধি একমাত্র পথ। তার কারণ জুন মাস থেকে পুরো সময়টাই বাস মালিকরা নিজেদের পকেটের টাকা খরচ করে গাড়ি চালিয়েছেন । কিন্তু তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না । যদিও রাজ্য সরকার বলেছে ধৈর্য্য ধরতে, কিন্তু সেখানেও প্রশ্ন তুলেছেন বাস মালিকরা। তিনি জানিয়েছেন, কত সময় ধরে আর ধৈর্য্য ধরা হবে ? লকডাউনের প্রথম সময় থেকেই তারা গাড়ি চালিয়ে আসছেন । কিন্তু তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না । শুধু একের পর এক বৈঠক হচ্ছে এবং বিভিন্ন জায়গায় চিঠি জমা দেওয়া হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও সঠিক উপায় বের হয়নি বলেও জানিয়েছেন তপন বন্দ্যোপাধ্যায় ।
তিনি জানিয়েছেন, এখন যত পরিমাণ গাড়ি রয়েছে রাস্তায় যে সমস্ত মানুষ রয়েছেন তাদের জন্য পর্যাপ্ত । তার কারণ এমন পরিস্থিতিতে বেশি সংখ্যক মানুষ রাস্তায় বের হচ্ছেন না । তাই অতিরিক্ত গাড়ি নামিয় কোনও লাভ নেই। তবে সরকারের সঙ্গে তারা সম্পূর্ণ সহযোগিতা করছেন বলে আরও একবারে মনে করিয়ে দিয়েছেন বাস সিন্ডিকেটের এই নেতা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news