নীল রায়।
টালিগঞ্জ থানায় যারা পুলিশ পিটিয়েছেন তারা বিজেপির কর্মী। এমন অভিযোগ করে বিজেপি নেতা মুকুল রায়ের দিকে আঙ্গুল তুলে ছিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মঙ্গলবার তাঁকে জবাব দিতে গিয়ে মুকুল রায় দাবি করলেন, “যখন তৃণমূলের ছিলাম ববির মন্ত্রিত্ব বাঁচিয়েছিলাম।” তিনি বলেন, “ববি কল্পনার জাল বুনে এ সব কথা বলছেন। ওঁর মন্ত্রক চলে যাচ্ছিল। আমি বাঁচিয়েছিলাম।” পুরনো দিনের কথা স্মরণ করে তিনি আরও বলেন “হরিমোহন ঘোষ কলেজে যেদিন গুলি খেয়ে পুলিশ কনস্টেবল তাপস চৌধুরীর মৃত্যু হল, তারপর ববির দফতর চলে যাচ্ছিল। আমি ওঁর পাশে দাঁড়িয়ে বাঁচিয়েছিলাম।”
প্রসঙ্গত ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী ছিলেন রাজ্যের বাইরে। তখন গার্ডেনরিচের হরিমোহন ঘোষ কলেজের ছাত্র সংসদ দখল নিয়ে ব্যপক গণ্ডগোল হয়। চলে গোলাগুলি। তৃণমূল কর্মীর গুলিতে মৃত্যু হয় তাপস চৌধুরীর। গার্ডেনরিচ পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বিধানসভার মধ্যে পড়ে। সেই ঘটনায় ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহম্মদ ইকবালের সঙ্গে জড়িত যায় তাঁর নাম। মুকুলের দাবি সেই সময় ফিরহাদ হাকিম এর পাশে থেকে তাঁর মন্ত্রিত্ব রক্ষা করেছিলেন তিনিই। সেই সময় তৃণমূলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ ছিলেন মুকুল রায়।
কলকাতা বন্দরের বিধায়ককে আক্রমণের সঙ্গে সঙ্গে তিনি তোপ দাগেন স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও। মুকুল বলেন, “আসলে যা ঘটছে, তা থেকে পরিষ্কার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ। ববিদের উচিত তাঁকে গিয়ে বলা, দিদি তুমি এ বার স্বরাষ্ট্রমন্ত্রকটা ছেড়ে দাও।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news