সূর্য সরকার।
একশো দিনের কাজে দুর্নীতি আটকাতে এবার মনিটরিং সেল তৈরী করল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের।
সেল গঠিত হয়েছে তিন ভাগে। রাজ্যের উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের জন্য আলাদা আলাদা সেল তৈরী করা হয়েছে বলে নবান্নর তরফে জানানো হয়েছে। মঙ্গলবার , এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে প্রশাসন। মোট ১৫ জনের সেল তৈরির সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। দফতরের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের এই মনিটরিং সেলে নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে বলে খবর। ইচ্ছুক অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের কাছে আবেদনপত্র চাওয়া হয়েছে। আগামী ২৬ আগস্টের মধ্যে তাদের আবেদন করতে বলেছে পঞ্চায়েত দফতর।
প্রসঙ্গত, এর আগে সরকারী কাজে দুর্নীতি রোধে নতুন করে গ্রিভেন্স সেল তৈরী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে টোল ফ্রি নম্বরে রাজ্যের মানুষ যাতে যে কোনও সরকারী প্রকল্পের সমস্যা নিয়ে বলতে পারে তার জন্য ব্যবস্থা করা হয়েছে। নেতা মন্ত্রী বা বিধায়ক কিংবা স্থানীয় কেউ যদি সরকারি প্রকল্পের সুবিধা করিয়ে দেওয়ার বদলে যদি ‘কাটমানি’ নিয়ে থাকে তার জন্য এই গ্রিভেন্স সেলে অভিযোগ জানাতে মানুষকে আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী। সরকারী সূত্রের খবর, তৈরী হওয়ার পর থেকে বেশ সাড়া ফেলেছে এই পরিষেবা।
এবার, একশো দিনের কাজে দুর্নীতি, সরকারি স্তরে ‘কাটমানি’ খাওয়া রোধে নতুন মনিটরিং সেল তৈরির সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীদিনে তা কতটা সাফল্য দেবে তা অবশ্য সময় বলবে কিন্তু পঞ্চায়েত দফতরে এই ধরণের মনিটরিং কমিটি কিছুটা হলেও ভরসা যোগাবে, আর্থিক দুর্নীতি বন্ধ করতে পারবে বলেই মনে করছেন দফতরের একটি অংশের আধিকারিকরা। যা নিঃসন্দেহে ভালো পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news