চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর কারণ নির্ধারণ করতে গঠিত অডিট কমিটি মুখ্যমন্ত্রী গঠন করেননি। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার বিকেলে নবান্নে মন্ত্রিসভার ক্যাবিনেট কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি বলেন , “অডিট কমিটি আমি করিনি, স্বাস্থ্য দফতরের সচিব, মুখ্যসচিব এঁরা করেছেন।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “অডিট কমিটিতে কারা রয়েছেন, তাও আমি জানি না।” রাজ্য সরকার গঠিত অডিট কমিটি নিয়ে এর আগে প্রশ্ন তুলেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো আন্তঃমন্ত্রক প্রতিনিধি দল। মুখ্যসচিবকে চিঠি দিয়ে তাঁরা জানিয়েছেন, স্বাস্থ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বিবেক কুমার এ ব্যাপারে তাঁদের যে ব্যাখ্যা দিয়েছেন তাও তাঁদের যুক্তিসঙ্গত মনে হয়নি।
প্রসঙ্গত, অডিট কমিটির ব্যাপারে মঙ্গলবার মুখ্যসচিব রাজীব সিনহাকে সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয়েছিল। তখন আবার তিনি বলেছেন, “অডিট কমিটির ব্যাপারটা তিনি সরাসরি দেখছেন না। তা স্বাস্থ্য ভবন দেখছে।” রাজ্য সরকার গঠিত ওই অডিট কমিটিতে যে সদস্য ডাক্তাররা রয়েছেন, তাঁদের কাছ থেকেও ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় আন্তঃ রাজ্য প্রতিনিধিদল। আইসিএমআর এবং চিকিৎসা ব্যবস্থার প্রটোকল মেনে তাঁরা করোনা আক্রান্তের মৃত্যুর কারণ নির্ধারণ করেছেন কিনা তা জানতে চাওয়া হয়েছে। শুধু কেন্দ্রীয় সরকারি নয়, অডিট কমিটি গঠন নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের তিন বিরোধী দল। এদিন মুখ্যমন্ত্রী অডিট কমিটি গঠনের কথা অস্বীকার করায়, বিরোধীরা রাজ্য সরকারের সমালোচনার নতুন অস্ত্র পেল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news