চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
এখনো করোনা ভাইরাস আয়ত্তে আসেনি। বরং দিন প্রতিদিন নিজের দাপট বাড়িয়েই চলেছে। বুধবার সকালে ভারতে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। ঠিক সেইদিনই লকডাউন এ একাধিক ছাড়ার কথা ঘোষণা করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার ৪ মে থেকে রাজ্যে গ্রিন জোন ও অরেঞ্জ জোনে লকডাউনে একাধিক ছাড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার নবান্নের সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, গ্রিন জোন ও অরেঞ্জ জোনে হিসাব করে দোকান খোলার অনুমতি দেবে সরকার।পুলিশ এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সঙ্গে গ্রিন জোন জেলায়, অন্তঃজেলায় বেসরকারি বাস চালানোর অনুমতি দেবে জেলা প্রশাসন। এক্ষেত্রে অনুমোদন নিয়ে বাস চালাতে হবে। বাসে সর্বোচ্চ ২০ জন যাত্রী বহন করতে পারবে বাসগুলি। এজন্য জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর থেকে অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন তিনি।
এছাড়াও শর্তসাপেক্ষে কিছু নির্মাণ কাজ শুরু করা যাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে সব করতে হবে মাস্ক পরে ও সোশ্যাল ডিসট্যান্সিংয়ের শর্ত মেনে। ইলেকট্রনিক্স জিনিসপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম, রং , হার্ডওয়ার, স্টেশনারি, বই, মোবাইল ও ব্যাটারি চার্জের দোকান, লন্ড্রি, চা-পাতা, পান-বিড়ির দোকান খোলা যাবে সোমবার থেকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একটি রাস্তার উপরে এ ধরনের কোনও ‘স্ট্যান্ড অ্যালোন’ দোকান থাকলে, অর্থাৎ একটাই দোকান থাকলে তা খোলা যাবে। কিন্তু কোনও মার্কেট কমপ্লেক্স খোলা যাবে না। মদের দোকান, টেলারিংয়ের দোকান, চায়ের দোকান খোলায় অনুমতি মিলছে না এক্ষুণি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news