নীল রায়।
প্রাক্তন অর্থমন্ত্রী পি. চিদাম্বরমের গ্রেফতারির পর কী তেমনি কিছুর আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? বুধবার ধর্মতলার মোড়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তাঁর গলায় তেমনই উৎকণ্ঠা শোনা গেল। মমতা বলেন, “আজ আমার ভাইকে ডাকছে। কাল হয়তো আমায় ডাকবে। আমি তৈরি আছি। জেলে যেতে তৈরি কিন্তু বিজেপির সাম্প্রদায়িকতার সামনে মাথা নোয়াব না।” ঘটনাচক্রে, সমাবেশের আগে এদিনই নারদা কাণ্ডে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে হাজিরার নোটিশ পাঠায় সিবিআই। পরে রাতের দিকে রাজ্যের আরও দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর কাছে একই নোটিস পাঠানো হয়েছে।
এদিন বক্তৃতার শুরুতেই মমতা বলেন, “আজকে আসার সময় এক এমপি আমায় বলল, ওরা জানতে চাইছে, তোমার পার্টি মাসে কটা করে মিটিং করে। কী কী কর্মসূচি নেয়। আপনাদের দলের রাজ্যসভার টিকিট পাওয়া যায় কিভাবে? সে তখন বলেছে, আমার পার্টি কী করে, তোমায় বলব কেন? ওদের নাকি বলতে হবে! গাঁয়ে মানে না আপনি মোড়ল।”
প্রসঙ্গত, প্রায় প্রত্যেকটি জাতীয় স্তরের রাজনৈতিক ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই টুইট করে প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যেদিন রাতে সিবিআই প্রাক্তন অর্থমন্ত্রী পি. চিদাম্বরমকে গ্রেফতার করে সিবিআই। সেদিন তেমন কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূল সুপ্রিমোর থেকে। পরদিন দীঘা থেকে হেলিকপ্টারে ফেরার পথে হেলিপ্যাডে সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতারী প্রসঙ্গে ঘটনার পদ্ধতিগত ত্রুটি নিয়ে কেবলমাত্র প্রশ্ন তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সূত্রের খবর ঘনিষ্ঠমহলে মুখ্যমন্ত্রী মস্করা করে কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসার রাজনীতির শিকার হওয়ার কথা বলছেন। যা তিনি নিজের সাড়ে চার দশকের রাজনৈতিক জীবনে কখনও করেননি বলেই জানাচ্ছে তাঁর ঘনিষ্ঠ মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news