নীল রায়।
প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় ক্ষোভের কথা জেনে তাদের সঙ্গে কথা বলতে গেলেন বিজেপি নেতা অরবিন্দ মেনন। বুধবার রাতে তিনি শোভন চট্টোপাধ্যায়ের গোলপার্কের বাসভবনে যান। এদিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ তাঁর বাড়িতে পৌঁছান মেনন সহ জয়প্রকাশ মজুমদার। প্রায় দু’ঘণ্টা আলোচনা হয় পরস্পরের মধ্যে। সূত্রের খবর, বৈঠকে অরবিন্দ নাম জানতে চান শোভন চট্টোপাধ্যায় কেন দলীয় কর্মসূচিতে যোগ দিচ্ছেন না? জানানো হয়, কোনও রাজনৈতিক কর্মসূচিতে এখনও আমন্ত্রণ পাননি শোভন-বৈশাখী। অথচ রাজ্যস্তরের কিছু নেতা প্রকাশ্যেই বলে বেড়াচ্ছেন তাদেরকে আমন্ত্রণ জানালেও, আসছেন না তাঁরা। রাজ্যস্তরের বেশকিছু নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শোভন-বৈশাখী, এমনটাই সূত্রের খবর।
প্রসঙ্গত, মঙ্গলবার আইসিসিআরে বিজেপির সাংগঠনিক কর্মশালায়ও হাজির হননি শোভন চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বৈশাখী জানিয়েছিলেন, কর্মসূচিতে যোগদানের কোনও আমন্ত্রণপত্র আসেনি। তাই বিজেপি সদস্য হলেও যেতে পারছেন না তাঁরা। তার ঠিক একদিন পরেই বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন গেলেন শোভনের বাড়িতে। বৈঠক শেষে অবশ্য দু’পক্ষই মুখ খুলতে চাননি প্রকাশ্যে। মনে করা হচ্ছে শোভন-বৈশাখী মনের ক্ষোভের কথা জেনেছেন অরবিন্দ। এবার রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে কথা বলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news