নীল রায়। বিধাননগরের কাউন্সিলরদের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমে মুখ না খুলে ফিরহাদ হাকিম খোঁচা দিলেন সতীর্থ সব্যসাচী দত্তকে। বললেন “পর্যবেক্ষক হিসেবে আমি শুধুমাত্র কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেছি। এ বিষয়ে আমাদের প্রকাশ্যে কিছু মন্তব্য করা ঠিক না। আমি যদি প্রকাশ্যে মুখ খুলি তাহলে আমার আর সব্যসাচীর মধ্যে কোনও পার্থক্য থাকবে না।” সঙ্গে তিনি আরও বলেন, “আমি আমার শেষ নিশ্বাস পর্যন্ত তৃণমূল কংগ্রেসে থাকব। কারণ আমি তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলাপরায়ন সৈনিক। আর আমার বন্ধুরা যারা আমরা একসঙ্গে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি তারাও যেন দলীয় শৃঙ্খলা মেনে কাজ করেন বলেই আমি তাদের বলব।” প্রসঙ্গত, এদিন বিধাননগরের মেয়র ছাড়াই সেখানকার কাউন্সিলরদের নিয়ে তৃণমূল ভবনে বৈঠকে বসেছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানেই কাউন্সিলররা তাদের মতামত জানান সব্যসাচী দত্তর মেয়র থাকা প্রসঙ্গে। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হলেও পুরমন্ত্রী কোনও মন্তব্য করেননি। বরং বিধাননগরের মেয়রের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়টি ছেড়ে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এমনটা করে তিনি নিউটাউন রাজারহাটের বিধায়ককে দলীয় অনুশাসনের পাঠ পড়াতে চেয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু এমন মন্তব্য করে কী সব্যসাচী দত্তের মতো বিদ্রোহী নেতাকে অনুশাসনের পাঠ পড়াতে পারবেন তৃণমূলের হাকিম সাহেব?
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news