নিজস্ব প্রতিনিধি।
সম্প্রতি প্রচণ্ড খাদ্যসংকট শুরু হয়েছে পাকিস্তানে (Pakistan)।পাকিস্তানিদের প্রধান খাদ্য রুটি-চাপাটি, নান তৈরি হয় মূলত আটা দিয়ে। এই আটাই হঠাৎ উধাও হয়ে গিয়েছে বাজার থেকে। সাধারণ মানুষ যখন নুন্যতম খাবার জোগাড়ে নাজেহাল তখন রাজনৈতিক দলগুলির মধ্যে এই নিয়ে শুরু হয়ে গিয়েছে চাপান-উতোর। আটা ময়দার সংকটে সবথেকে বেশি অসুবিধায় পাকিস্তানের চারটি প্রদেশ। বালুচিস্তান, সিন্ধ আর খাইবার পাখতুন। পাকিস্তানের সংবাদপত্র ‘ডন’ জানিয়েছে দীর্ঘ কয়েকমস যাবৎই আটা ময়দার সংকট চলছিল দেশে। কিন্তু অবস্থা ঘোরতর চেহারা নেয় যখন রবিবার প্রধানমন্ত্রী ইমরান খান খাদ্যদ্রব্যের মজুত এবং কালোবাজারি বন্ধ করার নির্দেশ দেন। সমস্ত প্রাদেশিক সরকারকেও নির্দেশ দেন কঠোর ব্যবস্থা নিতে। পাকিস্তানে রুটি বিক্রির দোকানগুলির সংগঠন রাস্তায় নেমে সরকার বিরোধিতা শুরু করে। খাইবার পাখতুনে সংকট চরমে ওঠে। নির্দেশিকা জারি হওয়ার পর পরই ওই এলাকার ২৫০০ রুটির দোকান বন্ধ করে দেন দোকানদাররা। এরপরই প্রদেশিক সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের শুরু হয় তরজা।
বিরোধী দলনেতা মুসলিম লিগ নওয়াজ এর সভাপতি শাহবাজ শরিফ ইমরান খানের (Imran Khan) সরকারকে দায়ী করে বলেন সরকারের অপদার্থতার জন্যই সাধারণ মানুষ ভুগছেন। পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি বলেন ইমরান ৪০ হাজার টন আটা আফগানিস্থানে পাঠিয়ে পাকিস্তানের মানুষের মুখ থেকে রুটি ছিনিয়ে নিয়েছেন। স্বাভাবিকভাবেই দোষারোপের খেলায় পাকিস্তানের সাধারণ মানুষের কষ্টের কোনও সুরাহা হয়নি। দেশের ন্যাশনাল ফুড সিকিউরিটি দফতর জানিয়েছে এপ্রিলে নতুন গম ওঠার পর অবস্থা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news