নিজস্ব সংবাদদাতা:
রাজধানীতে বসে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেশের মোদি বিরোধী অংশকে এক ছাতার তলায় আনায় তোড়জোড় করছেন, তখন ঘটনাচক্রে মুকুল রায়ও রয়েছেন নয়া দিল্লিতেই।
গতকাল, মঙ্গলবার শরদ পাওয়ারের সঙ্গে নৈশ ভোজ না হলেও তাঁর সঙ্গে কথা হয়েছে তৃণমূলনেত্রীর। অন্যান্য দলের প্রতিনিধিরাও দেখা করে গেছেন মমতার সঙ্গে। বুধবার, আজও আরও অনেকের সঙ্গে দেখা করা, কথা বলার কথা রয়েছে মমতার। আগে এই ধরণের যোগাযোগের কাজের জন্য মমতা ভর্সা করতেন যাঁর ওপর তিনি এখন বিজেপিতে। কাঁচড়াপাড়ার ঘটক রোডের বাসিন্দা মুকুল রায়ের ওপরই একসময় রাজনৈতিক ঘটকালির কাজ দিয়ে নিশ্চিন্ত থাকতেন মমতা। মুকুল বিহনে এখন সে কাজ নিজেকেই করতে হচ্ছে। দলের যে সব নেতা নেত্রীকে খুশি করার জন্য দিনরাত মুকুলের মুণ্ডপাত করছেন, বিরোধী জোট গঠনের কাজে তাঁদের কারও ওপরেই ভর্সা করতে পারেননি মমতা। রামনবমীর গণ্ডগোলের পর, বিশেষ করে রাণীগঞ্জের বড় অশান্তির পর, মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীকে নিজের রাজ্য ছেড়ে দিল্লিতে গিয়ে সময় দিতে হচ্ছে।
এই রকম আবহের মধ্যেই বুধবার মুকুলের কটাক্ষ, “মমতার প্রধানমন্ত্রী হতে আর কতদিন!”
ইতিমধ্যেই মমতার উদ্দেশ্য নিয়ে অনেকে কিছুটা সংশয়ে পড়েছেন। এখনই কেউ প্রকাশ্যে মুখ না খুললেও, প্রাদেশিক নেতাদের অনেকেই ব্যক্তিগত স্তরে মমতার ব্যাপারে তাঁদের সংশয় গোপন করছেন না। প্রথমত কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধী জোটের ধারণা কতটা বাস্তবোচিত তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকেরই। আবার টিআরএসের মতো দল যে যুক্তিতে কংগ্রেস -বিজেপিকে বাদ দিয়ে জোটের কথা বলছে মমতাও কী সেই যুক্তিতেই কংগ্রেসকে বাদ রাখতে চাইছেন! টিআরএস নেতা কেশব রাওয়ের বক্তব্য, না কংগ্রেস না বিজেপি, কেউই দেশে প্রকৃত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারেনি। কখনও কংগ্রেস বা কখনও বিজেপির সঙ্গে ঘর করা মমতা বিষয়টিকে কী টিআরএসের দৃষ্টিভঙ্গিতেই দেখছেন! মমতার উগ্রবিরোধীদের একটি অংশ বলছে, দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতেই দেশ জুড়ে মোদির বিরুদ্ধে দল পাকাচ্ছেন মমতা। তিনি কংগ্রেসের সঙ্গে জোট চাইছেন না তবু বারবার কেন সনিয়ার সঙ্গে দেখা করতে চাইছেন তা নিয়েও কংগ্রেসের মধ্যেই বিস্ময় জমা হয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news