চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (Home Ministry) পাঠানো আন্তঃমন্ত্রক প্রতিনিধিদলকে রাজ্য সরকার যাতে সবরকম সাহায্য করে সে ব্যাপারে মঙ্গলবার ফের নবান্নকে (Nabanna) কড়া চিঠি পাঠাল দিলি। আর তারপরেই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হল।
এদিনের চিঠিতে নর্থব্লক জানায়, আন্তঃমন্ত্রক প্রতিনিধি দলের সঙ্গে অসহযোগিতা, রাজ্য সরকার বিপর্যয় মোকাবিলা আইনের (২০০৫) শর্তকে লঙ্ঘন করেছে। রাজ্য সরকার তা করতে পারে না। এ ব্যাপারে কেন্দ্রের নির্দেশ মানতে বাধ্য রাজ্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব পুণ্যসলিলা শ্রীবাস্তব বলেন, “বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী আন্তঃমন্ত্রক প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এর মূল উদ্দেশ্যই হল রাজ্যগুলিকে সাহায্য করা। কিন্তু তা না মেনে আইন লঙ্ঘন করেছে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রের দুটি টিমের একটি কলকাতায় বসে রয়েছে দেড় দিন ধরে। অন্য টিম রাজ্য সরকারের সাহায্যের অপেক্ষায় জলপাইগুড়িতে বসে রয়েছে। তাঁদের কোথাও যেতে দেওয়া হচ্ছে না। কোনও স্বাস্থ্য কর্মীর সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। এটা ঠিক নয়।”
কেন্দ্রীয় সরকারের এমন কড়া পদক্ষেপের পর স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসে রাজ্য সরকার। মঙ্গলবার দুপুরে গুরুসদয় দত্ত রোডে বিএসএফের দক্ষিণবঙ্গ কার্যালয়ে যান মুখ্যসচিব। সেখানেই রয়েছেন এই পাঁচ সদস্যের কেন্দ্রীয় দল। সেখানে মুখ্যসচিবের সঙ্গে কেন্দ্রীয় দলের বৈঠক হয়। এর পর বিকেল পাঁচটা নাগাদ কেন্দ্রীয় দলটি বিএসএফের অতিথিশালা থেকে বেরিয়ে যাদবপুরের দিকে রওনা হন। তাঁদের সঙ্গে রয়েছে বিএসএফ (BSF) এবং কলকাতা পুলিশ (Kolkata Police)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news