চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রায়ই অভিযোগ করেন কেন্দ্রীয় বঞ্চনার। কিন্তু, করোনা পরিস্থিতি সামাল দিতে যখন কালঘাম ছুটছে পশ্চিমবঙ্গ সরকারের। ঠিক সেই সময় বুলবুল ঝড়ে ক্ষতিপূরণ বাবদ পশ্চিমবঙ্গকে তার পাওনা গন্ডা বুঝিয়ে দিল কেন্দ্রীয় সরকার। গত বছর লোকসভা ভোটের সময় বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় পশ্চিমবঙ্গ প্রতিবেশী রাজ্য ওড়িশা। লোকসভা ভোট চলাকালীন ওড়িশায় এসে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট ব্যস্ততার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হননি সেই বৈঠকে। কিন্তু, বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে ক্ষতিপূরণের দাবি তখন থেকেই জানিয়ে আসছিলেন তিনি।
শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকেই স্থির হয় পশ্চিমবঙ্গকে তার পাওনা বাবদ ১০৯০.৬৮ কোটি টাকা দেওয়া হবে। পশ্চিমবঙ্গের সঙ্গেই মহারাষ্ট্র, রাজস্থান, কর্ণাটক ওড়িশা, নাগাল্যান্ডের মত রাজ্যগুলির নিজেদের পাওনা গন্ডা পেয়ে যাবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র। এই খাতে আটটি রাজ্যকে পাঁচ হাজার কোটি টাকারও বেশি দেওয়া হবে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যে বুলবুল ঝড়ে ক্ষতিপূরণ দেওয়ার সংবাদ নবান্নকে জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। করোনা ভাইরাসের আক্রমণের জন্য মোকাবিলায় এমার্জেন্সি রিলিফ ফান্ড করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। যেখানে রাজ্যসভার সংসদ সদস্য থেকে শুরু করে রাজ্যের বিধায়ক, শিক্ষামহল, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিরোধী দলের নেতা সুজন চক্রবর্তী ও আব্দুল মান্নান সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব আর্থিক সাহায্য দিয়েছেন। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে হাজার কোটি টাকার বেশি রাজ্য সরকারের তহবিলে যুক্ত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস নবান্নে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news