ওয়েব ডেস্ক:
এবার বাবরি মসজিদ ধ্বংসে অভিযুক্ত করসেবকদের বিরুদ্ধে হওয়া মামলা তুলে নেওয়ার আবেদন জানাল অখিল ভারত হিন্দু মহাসভা। এই বিষয়ে তারা চিঠি লিখল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
হিন্দু মহাসভা প্রধান চক্রপাণি প্রধানমন্ত্রীকে লিখেছেন, ‘১৯৯২ সালে বাবরি মসজিদ আন্দোলনে যে করসেবকরা নিহত হয়েছেন তাদের শহিদের মর্যাদা দেওয়া হোক। এছাড়াও আন্দোলনে যাঁরা অংশ নিয়েছিলেন তাদের ‘ধার্মিক সেনানি’-র মর্যাদা দেওয়া হোক।’
একই চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথকেও পাঠিয়েছেন চক্রপাণি। তিনি আরও লিখেছেন, ‘রাম লালার পক্ষেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আদালত মেনেছে বাবরির জায়গাতেই মন্দির ছিল। অতএব, বাবরির মাথায় যে গম্বুজ ছিল তা আসলে মন্দিরেরই। সেই নিরিখে করসেবকদের বিরুদ্ধে যে মামলা চলছে তাও তুলে নেওয়া উচিত।’ এইসঙ্গে হিন্দু মহাসভার তরফে দাবি করা হয়েছে, বাবরি ধ্বংসের সময় নিহত করসেবকদের শহিদ ঘোষণা করার পাশাপাশি তাদের নামধাম অযোধ্যায় প্রচার করা প্রয়োজন।
করসেবকদের কেবল ধার্মিক সেনানি খেতাব দেওয়ার প্রস্তাবই দেননি চক্রপাণি। তাঁর মতে, ওইসব ধার্মিক সেনানিরা আর্থিকভাবে অত্যন্ত দুর্বল। ফলে ওঁদের বিভিন্ন সরকারি সুবিধা-সহ পেনশনও দিক সরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news