ওয়েব ডেস্ক:
লালমোহন বাবুর ইয়ার্কি হিমালয়ে হৃদকম্প নয়, বাস্তবিক হিমালয়ে মহাপ্রলয়ের অশঙ্কা করছেন বিজ্ঞানীরা। সেই মহাপ্রলয় ঘটতে পারে বড়সড় ভূমিকম্পের ফলে। যে ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে হতে পারে ৮.৫। সম্প্রতি এমনই সতর্ক বার্তা দিয়েছেন ভারতের একদল ভূকম্পবিদ। তাঁদের সঙ্গে একমত এক দল মার্কিন বিশেষজ্ঞরাও।

সূত্রের খবর, বেঙ্গালুরুর ‘জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চ’-এ ভূকম্পবিদ সি পি রাজেন্দ্রনের নেতৃত্বে চালানো হয়েছিল গবেষণা। সেই গবেষণায় উঠে এসেছে প্রলয়ের পূর্বাভাস। প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, অনেক দিন ধরে হিমালয়ের তলার প্লেটে চাপ বাড়ছে। মাটির তলার প্লেট সেই চাপ সহ্য করতে পারছে না আর। ফলে হিমালয় পাহাড়ে ৮.৫ রিখটার স্কেলের ভূকম্প এখন শুধু সময়ের অপেক্ষা।

জিওলজিকাল জার্নাল-এ প্রকাশিত রিপোর্ট নিয়ে বিজ্ঞানীদের মধ্যে স্বাভাবিক ভাবেই হইচই পড়ে গেছে। উল্লেখ্য, ২০১৫ সালে নেপালে হিমালয়ে ভূমিকম্পে তীব্রতা ছিল ৮.১, যাতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল গোটা দেশ। প্রাণ হারিয়েছিলেন ৯০০০ মানুষ। ২০০১ সালে গুজরাত ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.৭, যা কেড়ে নিয়েছিল অন্তত ১৩ হাজার প্রাণ। এমত পরিস্থিতিতে বিশ্বের উচ্চতম পর্বতমালায় ৮.৫ রিখটার স্কেলে কম্পন হল কী ঘটতে পারে তা ভেবে আতঙ্কিত বিজ্ঞানীরাও। হিমালয়ে মহাপ্রলয় তাহলে শুধু সময়ের অপেক্ষা!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news