নীল রায়।
ভাটপাড়া পৌরসভা (Bhatpara Municipality) দখলে জোর ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সকালে বিজেপি পরিচালিত পৌরসভার বিরুদ্ধে আনা অনাস্থা, কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) খারিজ হয়ে গেল বিকেলে। এদিন বিচারপতি অরিন্দম সিনহার নির্দেশে খারিজ হয়ে যায় তৃণমূলের অধীনে পাশ হওয়া ভাটপাড়া পৌরসভার অনাস্থা। হাইকোর্টের রায়ের পর খুশির হাওয়া বিজেপি শিবিরের।
এদিন অনাস্থা প্রস্তাবের অংশ নেননি বিজেপির কোনও কাউন্সিলর। বদলে বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh) জানিয়েছিলেন, তাঁরা এমন অনাস্থার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন। বিকেলে মামলার শুনানি হলে হাইকোর্ট সেই অনাস্থা প্রস্তাব খারিজ করে দেয়। প্রসঙ্গত, অর্জুন সিংয়ের ভাইপো তথা ভাটপাড়া পৌরসভা বর্তমান চেয়ারম্যান সৌরভ সিং অনাস্থা প্রস্তাব দিন ধার্য করেছিলেন ২০ জানুয়ারি। কিন্তু সেই অনাস্থার দিন পর্যন্ত অপেক্ষা না করে প্রশাসনকে কাজে লাগিয়ে অনাস্থা প্রস্তাব এনেছিল তৃণমূল, এমনটাই অভিযোগ বিজেপির।
সূত্রের খবর উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের (Joytipriyo Mullick) উদ্যোগে তড়িঘড়ি অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেয় তৃণমূল নেতৃত্ব। কিন্তু হাইকোর্টের রায়ে এক্ষেত্রে ধাক্কা খেতে হল জোড়া ফুল শিবিরকে। এ প্রসঙ্গে বিজেপি নেতা মুকুল রায়ের (Mukul Roy) বক্তব্য, “হাইকোর্টের রায়কে আমরা স্বাগত জানাই। তৃণমূল কংগ্রেস বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টকে বুড়ো আঙুল দেখিয়ে বলপূর্বক ভাটপাড়া পৌরসভা দখল করতে গিয়েছিল। আদালত তাদের সেই প্রচেষ্টা খারিজ করে দিয়েছে। এবার সকলের উচিত হবে হাইকোর্টের নির্দেশ মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news