নিজস্ব সংবাদদাতা:
পড়ুয়া সাড়ে পাঁচশো, শিক্ষক ৮ জন। এমত অবস্থায় শিক্ষক নিয়োগের দাবিতে উত্তেজনা হেয়ার স্কুলে। যার ফলে অবরুদ্ধ হল কলেজস্ট্রিট। বুধবার সকালে হেয়ার স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের বিক্ষোভে যানজট ছিল সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শিয়ালদহ পর্যন্ত। এদিন টানা তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে বিক্ষোভ।
অভিভাবকদের অভিযোগ, উত্তর কলকাতার ঐতিহ্যশালী স্কুলটিতে গত দেড় বছর ধরেই চলেছে এই অবস্থা। হাতে গোনা শিক্ষকদের দিয়ে কাজ চালানো হচ্ছে, ছাত্রদের সংখ্যা যেখান প্রচুর। এই পরিস্থিতির কথা শিক্ষা দফতরে জানিয়েও কোনও ফল হয়নি, বলেন তাঁরা। অথচ প্রভাব পড়ছে পড়াশুনায়। এরই প্রতিবাদে এদিন বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। শিক্ষক নিয়োগের দাবিতে সকালেই কলেজ স্ট্রিট অবরোধ করেন তাঁরা।
বিক্ষোভকারী অভিভাবকদের দাবি, শীঘ্রই স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে। তাঁরা জানান, রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গোটা বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কোনও ফল হয়নি। পড়ুয়াদের মা বাবার আরও দাবি, দিনে ২-৩টি ক্লাস হয়। তার পরে বলে দেওয়া হয়, আজ আর ক্লাস হবে না। শিক্ষক নেই। বাড়ি চলে যাও। এরই প্রতিবাদে আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছেন অভিভাবকরা, এমনটাই মত তাঁদের।
অভিভাবকরা আরও জানান, শিক্ষকের মতোই স্কুলে দারোয়ান নেই, সুইপার সেই। চূড়ান্ত অচলাবস্থা। অভিভাবকরা দাবি করেন, সরকারকে সুনির্দিষ্ট আশ্বাস দিতে হবে। তা না হলে আবারও প্রতিবাদে শামিল হবেন তাঁরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news