চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক :
মেয়র ফিরহাদ হাকিমের অভিযোগের পর হকারদের নিয়ে সক্রিয় কলকাতা পুলিশ। সোমবার সকল থেকে মাইকিং করে গড়িয়াহাট মার্কেট এলাকায় প্রচার চালায় গড়িয়াহাট থানা। সঙ্গে ছিলেন টাউন ভেন্ডিং কমিটির সদস্যরা। গত শুক্রবার ‘টক টু মেয়র’অনুষ্ঠানের সময় নিচুতলার পুলিশের বিরুদ্ধে টাকার বিনিময় হকার বসানোর অভিযোগ করেন তিনি।
এমনকী ক্ষোভ প্রকাশ করে নগরপাল বিনীত গোয়ালকে চিঠি দেওয়ার কথাও জানান। ফলে মেয়র তথা মন্ত্রীর নালিশের পর সক্রিয় ভূমিকা পালন করতে শুরু করল কলকাতা পুলিশ ও ভেন্ডিং কমিটির সদস্যরা।
এদিন গড়িয়াহাট মার্কেটের বাইরে যৌথ অভিযান চালায় গড়িয়াহাট থানার পুলিশ এবং হকারদের প্রতিনিধি। তারা হকার দের মাইকিং করে সচেতন করেন। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী হকার দের প্লাস্টিক সরিয়ে দিয়ে বিকল্প ব্যাবস্থা হিসাবে ছাতা বা টিনের শেড ব্যাবহার করার জন্য প্রচার চালান। এছাড়া যাতে হকাররা ব্ল্যাক টপের উপরে না বসেন এবং ফুটপাতে এক তৃতীয় অংশ ছেড়ে হকারি করার আবেদন জানিয়ে মাইকিং করেন তারা।
টাউন ভেন্ডিং কমিটির সদস্যরা জানান যে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে কলকাতা পৌর সংস্থার যে বৈঠক হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয় যে পাইলট প্রজেক্ট হিসাবে কলকাতার তিনটি বড় মার্কেট, গড়িয়াহাট, হাতি বাগান এবং নিউ মার্কেটে এই অভিযান চালানো হবে। সেই মতোই আজকে গড়িয়াহাট মার্কেট অঞ্চলে হকার দের সচেতন করতে এবং হাই কোর্টের নির্দেশ অনুযায়ী হকারি করার জন্য আবেদন জানানো হয়।
এমন কি ফুটপাতে মাপ যোগ করে তাদের এক তৃতীয় অংশ ছেড়ে হকারি করার জন্য দাগ টেনে দেওয়া হয়। যাতে নিয়ম অনুযায়ী হকাররা তাদের ব্যবসা করতে পারেন। এই ভাবেই এই অভিযান নিউ মার্কেট এবং হাতি বাগান মার্কেটে চালানো হবে বলে মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news